কোন্দলে স্থবির সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ
অভ্যন্তরীণ দ্বন্দ্ব-কোন্দল, ১৬ বছর ধরে সমেঞ্চলন না হওয়া ও শীর্ষ নেতাদের ঢাকায় অবস্থানের কারণে সুনামগঞ্জ আওয়ামী লীগে স্থবিরতা বিরাজ করছে। নেতা-কমীদের মধ্যে দেখা দিয়েছে হতাশা ও ক্ষোভ।
নাম প্রকাশে অনিচ্ছুক জেলা কমিটির এক নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বিএনপি যখন মাঠে সরব তখন আমাদের নেতাদের খবর নেই। তাঁরা থাকেন ঢাকায়। বিরোধী দলকে রাজনৈতিকভাবে মোকাবিলায় আমাদের কোনো কর্মসূচি নেই বললেই চলে।’
দলীয় সূত্র জানায়, জেলা আওয়ামী লীগের সর্ব শেষ সমেঞ্চলন হয়েছিল ১৯৯৭ সালের ১৮ মার্চ। বর্তমানে ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক দিয়ে চলছে ৫৪ সদস্যের কমিটি। কমিটির ১০ জন বেঁচে নেই। কেউ কেউ রয়েছেন প্রবাসে। কেউ দলত্যাগ করেছেন। যাঁরা আছেন তাঁদের অনেকেই নিষ্ক্রিয়। বর্তমান কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন যথাক্রমে সাংসদ মতিউর রহমান ও নূরুল হুদা। এক বছর ধরে তাঁদের মধ্যে দ্বন্দ্ব চলছে। এ নিয়ে দুই নেতার মুখ দেখাদেখি প্রায় বন্ধ। নেতা-কর্মীরাও বিভক্ত।
নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, কমিটি গঠনের পর থেকেই জেলা আওয়ামী লীগ দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। এই বিভক্তি শহর থেকে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যন্ত রয়েছে। নানা সময়ে পাল্টাপাল্টি বহিষ্কার, প্রত্যাহার ও পাল্টাপাল্টি উপজেলা কমিটি গঠনের ঘটনা ঘটেছে। তৃণমূলের নেতা-কর্মীরা বারবার সমেঞ্চলনের দাবি জানালেও সমেঞ্চলন হয়নি।
জেলা কমিটির কৃষিবিষয়ক সম্পাদক ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সুফিয়ান বলেন, দলে সুবিধাভোগী ও লুটেরাদের কারণে নিবেদিতপ্রাণ ও গ্রহণযোগ্য নেতা-কর্মীরা নিষ্ক্রিয়। পরিকল্পিতভাবে তাঁদের দূরে সরিয়ে রাখা হয়েছে।
জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও ছাত্রলীগের সাবেক নেতা মুক্তাদীর আহমদ বলেন, ‘ছাত্ররাজনীতির পাঠ চুকিয়ে জনপ্রতিনিধি হয়েছি। গণমানুষের প্রতিনিধিত্ব করি, কিন্তু গণসংগঠনে আমাদের জায়গা নেই।’ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আক্তারুজ্জামান বলেন, দলে কোনো শৃঙ্খলা নেই।
নূরুল হুদা বলেন, ‘সুনামগঞ্জ আওয়ামী লীগে কোনো সমস্যা নাই। এখানে দল শক্তিশালী। কমিটি হোক এটা আমিও চাই। কমিটি না হলে তো নেতৃত্বের বিকাশ হয় না। কেন্দ্রে কমিটি জমা দেওয়া হয়েছে।’
সাংসদ মতিউর রহমান বলেন, ‘আমি দায়িত্ব নেওয়ার পর সবাইকে একসঙ্গে নিয়ে কাজ করছি। আমরা ঐক্যবদ্ধ। আমি সব সময়ই সন্ত্রাস-দুর্নীতির বিরুদ্ধে। এতে দলের ভেতরের কেউ কেউ আমার ওপর নাখোশ থাকতে পারেন।’