কোন্দলের কারণে বগুড়া জেলা বিএনপির সম্মেলন অনিশ্চিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত বগুড়ায় জেলা বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের কারণে দীর্ঘ এক বছরেও জেলা সম্মেলন হয়নি। গত বছরের জুনে জেলা আহ্বায়ক কমিটি ঘোষণার পর কেন্দ্রীয় নির্দেশ ছিল, এ বছরের ৩১ জানুয়ারির মধ্যে জেলা সম্মেলন করতে হবে। কিন্তু জেলা আহ্বায়ক ও জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়কের মধ্যে বিরোধের কারণে পৌরসভা ও উপজেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা যায়নি। বর্তমানে বেশ কয়েকটি উপজেলার ইউনিয়ন কমিটির সম্মেলন শেষ হলেও অনেক ওয়ার্ড কমিটির সম্মেলন এখনো হয়নি। তৃণমূলপর্যায়ে সম্মেলনকে কেন্দ্র করে বিভিন্ন ইউনিয়ন ও উপজেলা বিএনপির নেতা-কর্মীদের মধ্যে কোন্দল প্রকাশ্য রূপ নিয়েছে; যা আদালত পর্যন্ত গড়িয়েছে। ফলে জেলা বিএনপি তথা থানা বিএনপির কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। জেলা সম্মেলন কবে হবে তা নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে। দলীয় সূত্র জানায়, গত বছরের ১০ জুন জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে জেলা বিএনপির সাবেক সভাপতি ও বগুড়া পৌরসভার মেয়র এ কে এম মাহবুবর রহমানকে আহ্বায়ক করা হয়। জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলামকে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক করার পাশাপাশি আরও ১১ জনকে যুগ্ম আহ্বায়ক করা হয়। এরপর গত বছরের ৮ নভেম্বর রাতে জেলার ১২টি থানাসহ ২৩টি সাংগঠনিক কমিটির নাম ঘোষণা করা হয়। কিন্তু ঘোষিত কমিটির বিরুদ্ধে মিছিল-সমাবেশ হয়। ২৪ ঘণ্টা না যেতেই সেই কমিটি স্থগিত ঘোষণা করে পরবর্তীকালে ২৫ নভেম্বর আবার ২৩টি সাংগঠনিক কমিটি ঘোষণা করা হয়। জেলা আহ্বায়ক ও জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়কের এসব কমিটির কোনো সুরাহা আজ অবধি হয়নি। সূত্র জানায়, দলের কেন্দ্রীয় মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন স্বাক্ষরিত একটি চিঠি জেলা আহ্বায়কের কাছে পাঠানো হয়। তাতে নির্দেশ দেওয়া হয়েছিল, পৌর ও থানা কমিটির সম্মেলন ১৫ জানুয়ারির মধ্যে শেষ করতে হবে। আর জেলা সম্মেলন হবে ৩১ জানুয়ারি। শিবগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মীর শাহে আলম বলেন, ‘মাঠ পর্যায়ের কর্মীরা আশা করেছিলেন দলে গতিশীলতা আসবে। তার বদলে এসেছে স্থবিরতা। কারণ, থানা কমিটি গঠন না হওয়ায় নেতা-কর্মীরা উৎসাহ পাচ্ছেন না।’ সোনাতলা থানা বিএনপির আহ্বায়ক আহসানুল তৈয়ব দাবি করেন, তাঁর উপজেলায় কোনো কোন্দল নেই। তাঁর সব ইউনিয়নেই সম্মেলন হয়েছে। গাবতলী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোরশেদ মিলটন জানান, তাঁর থানায় ওয়ার্ড কমিটিই শেষ করতে পারেননি। তিনি বলেন, গাবতলী থানায় দলের মধ্যে কোনো কোন্দল নেই। অথচ তাঁর থানায় নশিপুর ইউনিয়ন বিএনপির সম্মেলন নিয়ে একপক্ষ সাবেক সাংসদ হেলালুজ্জামানসহ ২১ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেছে। ওই ইউনিয়নে বিএনপির সম্মেলনের ওপর অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারিসহ কারণ দর্শাতে বলেছেন আদালত। সারিয়াকান্দিতে বিএনপির মধ্যে বিরোধ এমন পর্যায়ে গেছে যে জেলা আহ্বায়ক ও জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক থানা সম্মেলনে গিয়ে সম্মেলন না করে ফিরে এসেছেন। কারণ, স্থানীয় বিএনপির একটি অংশ ১১টি ইউনিয়নের কোনো সম্মেলন না করে গোপনে একটি কমিটি দেখিয়ে সম্মেলন করতে গেলে তা ফাঁস হয়ে যায়। পরিস্থিতি বুঝতে পেরে জেলা আহ্বায়কসহ অন্য নেতারা ফিরে আসেন। সারিয়াকান্দি থানা বিএনপির সাবেক সভাপতি মাসুদার রহমান বলেন, ‘তারা ঘরে বসে গোপন কমিটি করেছিল।’ জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম জানান, কেন্দ্রের নির্দেশ থাকলেও তাঁরা সময়মতো সব থানার সম্মেলন শেষ করতে পারেননি। দলের মধ্যে কোন্দলের কারণে এমনটি হয়েছে, এই অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ‘দল আগের চেয়ে অনেক শক্তিশালী হয়েছে।’ দলে স্থবিরতা প্রসঙ্গে বলেন, ‘বগুড়ায় যেসব কর্মসূচিতে বিএনপি মাঠে থাকে তাতে কি মনে হয় দলে স্থবিরতা আছে?’ জেলা বিএনপির আহ্বায়ক এ কে এম মাহবুবর রহমান বলেন, ঈদের পরে জেলা সম্মেলন করা হবে। দলে স্থবিরতা ও কোন্দলের বিষয়টি অস্বীকার করেন তিনি।