কোন্দলের জের, বগুড়ায় যুবদলের নতুন কমিটি
তিন সদস্যের বগুড়া জেলা যুবদলের কমিটির মেয়াদ পূর্ণ হওয়ার আগেই তা বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। দলের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল চরম আকার ধারণ করায় যুবদলের কেন্দ্রীয় কমিটি গত বৃহস্পতিবার রাতে এ নতুন কমিটির ঘোষণা দিয়েছে।নতুন কমিটিতে বগুড়া পৌরসভার কাউন্সিলর সিপার আল বখতিয়ারকে সভাপতি, আরাফাতুর রহমানকে সাধারণ সম্পাদক ও ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি খাদেমুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। আরাফাতুর রহমান ভেঙে দেওয়া কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন।দলীয় সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে বগুড়া শহীদ টিটু মিলনায়তনে সম্মেলনে ভোটের মাধ্যমে কে এম খায়রুল বাশার সভাপতি, মিজানুর রহমান সাধারণ সম্পাদক ও আরাফাতুর রহমানকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়। নির্বাচিত ওই কমিটি বিভিন্ন উপজেলা ও পৌরসভার কমিটি গঠন করলেও তা পূর্ণাঙ্গ কমিটি ছিল না। কোথাও কোথাও সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক তিনজনকে নিয়ে কমিটি করা হয়। আবার কোথাও আহ্বায়ক কমিটি গঠন করা হয়। পাঁচটি উপজেলায় দুটি করে পাল্টাপাল্টি কমিটি গঠন হয়। ওই সব কমিটির একদিকে সভাপতি ও সাংগঠনিক সম্পাদক থাকলেও সাধারণ সম্পাদক মিজানুর রহমান অন্য পক্ষ অবলম্বন করে পাল্টা কমিটি গঠন করেন। বিশেষ করে, ধুনট ও শাজাহানপুর উপজেলায় কমিটি গঠন নিয়ে নানা বিতর্কের সৃষ্টি হয়।ভেঙে দেওয়া কমিটির সভাপতি খায়রুল বাশার জানান, পূর্ণাঙ্গ কমিটি গঠনের বিষয়ে কেউ সহযোগিতা করেনি। এমনকি সাধারণ সম্পাদক বাধা দিয়েছেন বেশি। তাঁরা কমিটি চাননি। সে অজুহাতে এ কমিটির মেয়াদ শেষ না হতেই ভেঙে নতুন কমিটি করা হয়েছে। কমিটি গঠন নিয়ে যেসব অভিযোগ করা হয়েছে, তা ঠিক নয় বলে তিনি দাবি করেন। বিগত কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঙ্গে এ বিষয়ে কথা বলা সম্ভব হয়নি।