কোন্দলের মধ্যে আজ কক্সবাজারে বিএনপির প্রতিনিধি সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই পক্ষের কোন্দল মীমাংসা না করেই আজ শনিবার কক্সবাজারে বিএনপির তৃণমূল প্রতিনিধি সম্মেলন হতে যাচ্ছে। বেলা তিনটায় কক্সবাজার শহরের সৈকতপারের একটি হোটেলের সম্মেলনকক্ষে অনুষ্ঠেয় এই সম্মেলনে চট্টগ্রাম দক্ষিণ, বান্দরবান ও কক্সবাজার জেলার ইউনিয়ন পর্যায়ের প্রায় এক হাজার ২০০ প্রতিনিধির উপস্থিত থাকার কথা রয়েছে।দলীয় সূত্র জানায়, গত বছরের ২০ নভেম্বর জেলা বিএনপির সম্মেলনে সাধারণ সম্পাদক পদে শামীম আরার নাম ঘোষণা করা হলে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে সম্মেলন পণ্ড হয়ে যায়। পরে সম্মেলনের প্রধান অতিথি সেলিমা রহমান শাহজাহান চৌধুরীকে সভাপতি ও শামীম আরাকে সাধারণ সম্পাদক করে জেলা বিএনপির কমিটি ঘোষণা করেন। একই সময় আরেকটি অংশ লুত্ফুর রহমানকে সভাপতি ও আলমগীর মো. মাহফুজ উল্লাহকে সাধারণ সম্পাদক করে পাল্টা কমিটি ঘোষণা করে। তখন থেকে দলের দুটি পক্ষ পৃথকভাবে নানা কর্মসূচি পালন করে আসছে। শাহজাহান চৌধুরী বলেন, কোন্দল, মতপার্থক্য ভুলে তৃণমূল পর্যায়ের চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি সম্মেলনটা সুন্দরভাবে শেষ করতে চান তাঁরা। এমন কিছু করা উচিত নয়, যা দেখে মানুষ হাসাহাসি করবে। লুত্ফুর রহমান বলেন, সম্মেলনটা সুন্দরভাবে শেষ হোক, তা তাঁরাও চান। কিন্তু একটি মহল থেকে প্রচার করা হচ্ছে যে তিনি সম্মেলনের বিপক্ষে। নাম প্রকাশে অনিচ্ছুক সদর উপজেলা বিএনপির এক নেতা জানান, আজকের প্রতিনিধি সম্মেলনে এই উপজেলার কয়েকজন ইউনিয়ন পর্যায়ের নেতাকে যোগদানে বিরত রাখার চেষ্টা চলছে। অন্যান্য উপজেলার ক্ষেত্রেও যদি এ রকম অবস্থা হয়, তাহলে সম্মেলন সুষ্ঠুভাবে হবে না। আজকের প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের স্থায়ী কমিটির সদস্য সাংসদ জমির উদ্দিন সরকার। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান, জাতীয় প্রেসক্লাবের সভাপতি শওকত মাহমুদ, জয়নাল আবদিন ফারুক প্রমুখ।