কোপাইবিলবাসীর দুঃখ ঘোচেনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মূল সড়ক থেকে কাদা মাড়িয়ে সামনে এগোলে হাঁটুসমান পানি। একটু সামনে পানি যেখানে গভীর, সেখানে বাঁশের সাঁকো। ওই সাঁকো পেরোলে চোখে পড়বে উঁচু জায়গায় কিছু বাড়িঘর।

এটি কোনো অজপাড়াগাঁ নয়। এটি খুলনা সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত একটি এলাকা। জলাবদ্ধতার কারণে স্থানীয় লোকজন এ এলাকার নাম দিয়েছে কোপাইবিল। এলাকাবাসী জানান, ১৯৯০ সালে খুলনা সিটি করপোরেশন গঠনের সময় থেকেই এটি করপোরেশনের অন্তর্ভুক্ত। আগে ছিল খুলনা পৌরসভায়।

ক্ষুব্ধ এলাকাবাসী বলেন, জাতীয় সংসদ কিংবা সিটি করপোরেশন নির্বাচন এলেই প্রার্থীরা নির্বাচিত হওয়ার মাস খানেকের মধ্যে এখানকার পয়োনিষ্কাশন-ব্যবস্থা ঠিক করার ও জলাবদ্ধতা দূর করার প্রতিশ্রুতি দেন। কিন্তু নির্বাচনের পর তাঁদের আর এলাকায় দেখা যায় না। কোপাইবিলবাসীর দুঃখ জলাবদ্ধতাও কাটে না। পাঁচ বছর পর ভোট এলে আবারও তাঁরা আসেন।

খুলনা শহর থেকে ১১ কিলোমিটার দূরে রেলিগেটে বাঁ পাশের সড়ক ধরে একটু এগোলোই মহেশ্বরপাশার কালিবাড়ী। সেখান থেকে কয়েক কিলোমিটার দূরে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আরও কাছে দৌলতপুর থানা। কালিবাড়ী থেকে পূর্ব দিকে এগোলে সড়ক শেষ। এরপর কাদাপানি মাড়িয়ে ও সাঁকো পেরিয়ে যেতে হবে কোপাইবিলে। গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকার খুব কাছের এই কোপাইবিল যেন আলোর নিচে অন্ধকার।

কোপাইবিলের বাসিন্দা ও দোকানি আবদুল হালিম (৪৫) ক্ষুব্ধ কণ্ঠে বলেন, প্রতিবার নির্বাচনের আগে প্রার্থীরা জলাবদ্ধতা সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিলেও নির্বাচিত হওয়ার পর সব ভুলে যান। আবার নির্বাচন এলে একই প্রতিশ্রুতি দেন প্রার্থীরা।

কৃষক নাফিস শেখ বলেন, ‘গত দুই নির্বাচনের কথা আমার মনে আছে। নির্বাচনের আগে প্রার্থীরা এসে বলেন সব সমস্যার সমাধান করে দেবেন। কিন্তু কোনো দিন ঠিক হয় না।’

গৃহবধূ রওশন আরা বেগম বলেন, ‘শুকনো সময়ে এই এলাকায় তা-ও থাকা যায়। কিন্তু বৃষ্টি হলেই ঘরবাড়িতে পানি ওঠে। তখন বাজারে গিয়ে আশ্রয় নিতে হয়। বছরের ছয় মাস এভাবেই কাটে।’ রোজিনা বেগম নামের আরেকজন ক্ষুব্ধ কণ্ঠে বলেন, ‘প্রতিমন্ত্রীর বাড়ি এই এলাকায়। তিনি এখানকার সাংসদ। কিন্তু তা-ও আমাদের সমস্যা কেউ দেখে না।’

এলাকাবাসী জানান, খুলনা শহরের সব বর্জ্য এখানে আসে। পয়োনিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সব সময়ই পানি আটকে থাকে। সেই পানিতে ভাসে ময়লা ও মনুষ্য বর্জ। চারপাশে প্রচণ্ড দুর্গন্ধ। বাধ্য হয়ে তাঁদের এর মধ্যে থাকতে হয়। একসময় জমির দাম কম থাকায় অনেকে এখানে জমি কিনে বাড়ি করে বাস করছেন। তাঁরাও এ জায়গা ছাড়তে পারছেন না।

ওই এলাকার সাবেক কাউন্সিলর ও ১৫ জুনের নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী আবদুস সালাম বলেন, ‘আমি যখন ওই ওয়ার্ডের কাউন্সিলর ছিলাম, তখন সেখানে এত বাড়িঘর ছিল না। অধিক বাড়িঘর করার কারণে এখন পানি সরতে পারছে না। তবে কথা দিচ্ছি, নির্বাচিত হলে জনগণের কাছ থেকে জমি কিনে হলেও আমি পাকা নালা করে দেব। তখন আর জলাবদ্ধতার সমস্যা থাকবে না।’

৩ নম্বর ওয়ার্ডের সর্বশেষ কাউন্সিলর ও এবারের নির্বাচনেও প্রার্থী মাসুদ হাসান বলেন, ‘জমির দাম কম থাকায় নিম্ন আয়ের অনেক মানুষ এখানে জমি কিনেছেন। তাঁরা আসলে অসচেতন। আমি তাঁদের বলেছি কীভাবে এ সমস্যার সমাধান করা যায়, তা যেন শুকনা মৌসুমে আলাপ-আলোচনা করেন। তাঁরা নালা করার জন্য জমিও দিতে চান না। তাহলে কীভাবে এ সমস্যার সমাধান হবে? তবে কথা দিচ্ছি, এবার নির্বাচিত হলে যে করেই হোক সমস্যার সমাধান করব।’