কোপেনহেগেনের বেলা সেন্টারে এক টুকরো বাংলাদেশ

ডেনমার্কের কোপেনহেগেনে চতুর্থ গ্লোবাল উইমেন ডেলিভার কনফারেন্সে ১৬৯টি দেশ থেকে পাঁচ হাজারের বেশি প্রতিনিধি যোগ দিয়েছেন। বিশাল আয়তনের বেলা সেন্টারের বিভিন্ন হল ও মিলনায়তনে শুধুই ব্যস্ততা। তবে গত বৃহস্পতিবার সকালে বেলা সেন্টারের এক সিঁড়িতে বাংলাদেশের জাতীয় পতাকা হাতে প্রায় ৫০ জন সদস্যকে একসঙ্গে দাঁড়িয়ে থাকতে দেখে অনেকেই একটু অবাক হলেন। বাংলাদেশের প্রতিনিধিরা একসঙ্গে ছবি তুলছেন, এ ঘটনা বুঝতে পেরে মুখ দিয়ে শিস বাজিয়ে স্বাগত জানালেন কেউ কেউ। অন্য দেশের এক প্রতিনিধি ক্যামেরা হাতে দৌড়ে এলেন মুহূর্তটি ধরে রাখার জন্য।
একসঙ্গে ছবি তোলার আগে বাংলাদেশের নীতিনির্ধারণী পর্যায়ের প্রতিনিধিরা সবাইকে মনে করিয়ে দিলেন, শুধু সংখ্যায় বেশি হলে হবে না, কাজ দিয়ে দেখিয়ে দিতে হবে বাংলাদেশ চাইলেই সবকিছু করতে পারে। ১৬ মে থেকে শুরু হওয়া এ সম্মেলন শেষ হয়েছে গত বৃহস্পতিবার।
সম্মেলনের বিভিন্ন অধিবেশনে অন্য দেশের প্রতিনিধিরা ভালো উদাহরণ এবং উদ্যোগের ক্ষেত্রে বাংলাদেশের নাম তুলে ধরেছেন। কোনো মা শুধু সন্তান জন্ম দিতে গিয়ে মারা যাবেন না—এ অঙ্গীকার নিয়ে কাজ করা স্বর্ণকিশোরী ফাউন্ডেশনের চার কিশোরী তুলে ধরেছে দেশের কিশোরীদের শক্তি। উইমেন ডেলিভার থেকে বৃত্তি পাওয়া বাংলাদেশের তরুণেরা ইয়াং লিডার হিসেবে এ সম্মেলনে উপস্থিত ছিলেন। সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের পাশাপাশি বাংলাদেশে কাজ করা জাতিসংঘ জনসংখ্যা তহবিলসহ (ইউএনএফপিএ) অন্যান্য আন্তর্জাতিক ও দেশীয় এনজিওর প্রতিনিধি, সাংবাদিকসহ যে যেভাবে পেরেছেন বাংলাদেশকে তুলে ধরেছেন। সব মিলে যেন এক টুকরো বাংলাদেশ হাজির ছিল বেলা সেন্টারে।
নিউইয়র্কভিত্তিক গ্লোবাল অ্যাডভোকেসি এনজিও উইমেন ডেলিভার আয়োজিত এবারের চতুর্থ সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল ‘ইনভেস্ট ইন গার্লস অ্যান্ড উইমেন-ইট পেইস’। সম্মেলন আয়োজনে ডেনমার্ক সরকার, জাতিসংঘ জনসংখ্যা তহবিল, ইউএন-উইমেনসহ নানা সংস্থা ও সংগঠন সহায়তার হাত বাড়িয়ে দেয়।
সম্মেলনের সমাপনী দিনে বিভিন্ন আনুষ্ঠানিকতার ফাঁকে বাংলাদেশের প্রতিনিধিরা বেলা সেন্টারের একটি মিলনমেলায় একসঙ্গে ছিলেন। এ সময় অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান কথার শুরুতেই বলেন, ‘আমি কি সিলেটী ভাষায় কথা বলতে পারব?’ শুরু হয় হাসি। বাংলাদেশে সরকারি ও বেসরকারি প্রতিনিধিদের মধ্যে কিছুটা দেয়াল থাকলেও বেলা সেন্টারে আগতদের একমাত্র পরিচয় ছিল সবাই বাংলাদেশি।
প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে বিনিয়োগ প্রসঙ্গে বলেন, বাংলাদেশের অনেক দুর্বল প্রকল্প আছে। রাষ্ট্রের টাকা খরচ হচ্ছে কিন্তু সুফল পাওয়া যাচ্ছে না। অনেক ক্ষেত্রে বাজেট বরাদ্দ করা আছে। ১০০ কোটি টাকা বরাদ্দের বিপরীতে কোনো প্রকল্পই পাওয়া যাচ্ছে না। তিনি বলেন, ‘কেউ যদি বোঝাতে পারে জনকল্যাণমূলক কাজে টাকা ব্যয় হবে, তবে আমি আমার ক্ষুদ্র শক্তি দিয়ে বলতে পারি তা অনুমোদন করা হবে। সরকার কোথায় কোথায় টাকা ব্যয় করছে, তারও খোঁজ নিতে হবে অন্যদের।’
স্বাস্থ্যসচিব সৈয়দ মঞ্জুরুল ইসলাম বলেন, বাংলাদেশ বিভিন্ন সামাজিক সূচকে এগিয়ে যাচ্ছে। মাতৃমৃত্যু, শিশুমৃত্যু কমানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভারতের চেয়ে বাংলাদেশের মানুষের গড় আয়ু বেশি। মাতৃত্বকালীন ছুটি ছয় মাস, যা অনেক দেশেই কার্যকর হয়নি। তবে আত্মতুষ্টিতে ভুগলে চলবে না।
স্বাস্থ্যসচিব আক্ষেপ করে বলেন, অনেক সূচকে বাংলাদেশ এগিয়ে থাকলেও বাল্যবিবাহ প্রতিরোধ সূচকে বাংলাদেশ অনেক পিছিয়ে আছে। স্বাস্থ্য খাতে বিনিয়োগ বাড়ানোর বিষয়ে গুরুত্ব দিয়ে সচিব বলেন, তরুণ প্রজন্মের পেছনে এক টাকা বিনিয়োগ করলে তা হাজার গুণ বেশি হয়ে ফিরে আসবে। তবে শুধু সরকার একা বিনিয়োগ করলে হবে না, বেসরকারি সংগঠনকেও এগিয়ে আসতে হবে।
সম্মেলনে বিভিন্ন সেশনে বাংলাদেশের নাম উচ্চারিত হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন ইউএনএফপিএ বাংলাদেশের স্বাস্থ্য বিভাগের প্রধান সাথায়া নারাইয়ান ডরাইসওয়ামি। এ সংস্থার পক্ষ থেকে ভবিষ্যতে বাংলাদেশের মা ও শিশুর স্বাস্থ্য উন্নয়নে সরকারের পাশে থাকার কথা জানান।
জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জনের নির্ধারিত সময় শেষে বিশ্বের নেতারা ২০১৫-পরবর্তী টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) লক্ষ্যমাত্রা পূরণে নানা অঙ্গীকার করেছেন। এসডিজির লক্ষ্যমাত্রা নির্ধারণের পর নারীর স্বাস্থ্য, বিশেষ করে যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকারের বিষয়টিকে গুরুত্ব দিয়ে কোপেনহেগেনের এ সম্মেলন প্রথম বড় আকারের একটি সম্মেলন।
মিলনমেলায় সরকারের নীতিনির্ধারকদের কাছে পেয়ে প্রতিনিধিরা দেশের নানা সমস্যার কথা তুলে ধরা শুরু করেন। দেশের বিভিন্ন সমস্যা দেশে ফিরে আলোচনা করে একসঙ্গে কাজ করার আশ্বাস দিলেন সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের প্রতিনিধিরা। এ সম্মেলনের মূল বিষয় ছিল উন্নয়ন থেকে কেউ বাদ যাবে না। সবার জন্য, বিশেষ করে নারী ও শিশুদের জন্য সমান সুযোগ তৈরি করা হবে। এখন দেখার বিষয়, বাংলাদেশের নীতিনির্ধারকেরা যে অঙ্গীকার করে দেশে ফিরলেন, তার কতটুকু বাস্তবায়িত হয়।