কোভিডসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াতে সম্মত বাংলাদেশ-রাশিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কামরুল আহসান ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপদেষ্টা আন্দ্রেই ফুরসেনকোর সৌজন্য সাক্ষাত করেন
ছবি সংগৃহীত

করোনাভাইরাস দমনে একসঙ্গে কাজ করাসহ ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ, শিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি খাতে সহযোগিতা বাড়াতে জোর দিয়েছে বাংলাদেশ ও রাশিয়া। দুই দেশের মধ্যে সম্পর্ক গভীরতর করতে উচ্চপর্যায়ের সফর বিনিময়ের ওপরও দুই দেশ জোর দিয়েছে।

সম্প্রতি মস্কোতে রাশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কামরুল আহসান ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপদেষ্টা আন্দ্রেই ফুরসেনকোর সৌজন্য সাক্ষাতে এ বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।

গতকাল শুক্রবার মস্কো থেকে বাংলাদেশ দূতাবাসে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাশিয়ার প্রেসিডেন্টের উপদেষ্টার সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের আলোচনায় দ্বিপক্ষীয় ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। তাঁদের আলোচনায় ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক আরও গভীর করার ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করা হয়।

দ্বিপক্ষীয় বিষয়ের পাশাপাশি তাঁরা আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেন।

বাংলাদেশের রাষ্ট্রদূত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে রাশিয়ার সহায়তার জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ধন্যবাদ জানান। তিনি প্রকল্পের সবশেষ অগ্রগতিও জানান। রুশ প্রেসিডেন্টের উপদেষ্টা প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় সহায়তার ব্যাপারে আশ্বাস দেন। বাংলাদেশের রাষ্ট্রদূত মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গাদের তাদের নিজ দেশে প্রত্যাবাসনের বিষয়েও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপদেষ্টার সহায়তা কামনা করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি খাতে পারস্পরিক বিনিময়, দ্বিপক্ষীয় যোগাযোগের বিস্তৃতি, কোভিড মহামারির বিস্তার রোধে একযোগে কাজ করাসহ দুই দেশের নেতৃস্থানীয়দের পারস্পরিক সফরের ব্যাপারে ইতিবাচক, ফলপ্রসূ আলোচনা হয় ওই বৈঠকে।

বাংলাদেশের রাষ্ট্রদূত বিভিন্ন রাজনৈতিক ও অর্থনৈতিক ইস্যুতে রাশিয়ার সহায়তা কামনা করেন। রাশিয়ার প্রেসিডেন্টের উপদেষ্টা এ সময় সংশ্লিষ্ট বিষয়গুলোর সঙ্গে সবাইকে অবহিত করাসহ প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন। তিনি বাংলাদেশকে রাশিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশীদার ও বন্ধু হিসেবে উল্লেখ করে পারস্পরিক বিভিন্ন ইস্যুতে একযোগে কাজ করার ব্যাপারে ঐকমত্য প্রকাশ করেন।