কোভিডের উপসর্গ নিয়ে সাতক্ষীরায় আরও একজনের মৃত্যু

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির ছয় ঘণ্টার মধ্যে কোভিডের উপসর্গ নিয়ে মারা গেলেন আরও একজন (৬১)। আজ বুধবার ভোররাত চারটার দিকে মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ইউনিটে তিনি মারা যান।
মৃত ব্যক্তি সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বাসিন্দা।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক রফিকুল ইসলাম জানান, গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে জ্বর, শ্বাসকষ্টসহ কোভিডের নানা উপসর্গ নিয়ে ওই ব্যক্তিকে স্বজনেরা মেডিকেল কলেজ হাসপাতালের নিয়ে আসেন। তাঁকে চিকিৎসা দিয়ে হাসপাতালের আইসোলেশন ইউনিটে রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোররাত চারটার দিকে তিনি মারা যান। মারা যাওয়ার পর তাঁর নমুনা সংগ্রহ করা হয়েছে।
সাতক্ষীরার সিভিল সার্জন হুসাইন শাফায়াত কোভিডের উপসর্গ নিয়ে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, স্বাস্থ্যবিধি মেনে তাঁর লাশ দাফন করতে বলা হয়েছে। এ ছাড়া স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে তাঁর বাড়ি লকডাউন (অবরুদ্ধ) করা হয়েছে।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, কোভিডের উপসর্গ নিয়ে এ পর্যন্ত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন অন্তত ৫৫ জন। পরে নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ এসেছে ১১ জনের।