কোভিডের মধ্যেই প্রকৃতির চোখ রাঙানি, বানভাসিদের পাশে দাঁড়ান
করোনাভাইরাসের সংক্রমণের মধ্যেই বন্যা পরিস্থিতির চোখরাঙানিতে রীতিমতো তটস্থ দেশ। ইতিমধ্যে বন্যার পানিতে দেশের এক পঞ্চমাংশ অঞ্চল প্লাবিত হয়ে বাড়ি-ঘর, ফসলি জমি তলিয়ে গেছে। লাখ লাখ মানুষ ভাসছে বানের পানিতে।
দেশ একের পর এক প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত হয়ে পড়ছে। গত এপ্রিলে আঘাত হানে ভয়ংকর ঘূর্ণিঝড় আমফান। আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ এবং উপকূলীয় অঞ্চলের লাখ লাখ মানুষকে সময়মতো আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়ায় প্রাণহানি কম হলেও ফসলসহ বেশ কিছু বাঁধ, বেড়িবাঁধ ভেঙে দীর্ঘমেয়াদি ক্ষতির সম্মুখীন হয়েছে উপকূলীয় এলাকার মানুষ। সেসব অবকাঠামোর সংস্কার ও উন্নয়নকাজ শেষ না হতেই এখন দেশের বেশির ভাগ অঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এ যেন মড়ার উপর খাঁড়ার ঘা। ইতিমধ্যে দেশের উত্তরাঞ্চলের বিস্তীর্ণ জনপদ ও ফসলের মাঠ বন্যার পানিতে তলিয়ে গেছে। দেশের প্রায় সব নদ–নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং তা বেড়ে চলেছে। রাজধানীসহ এ অঞ্চলে বড় বন্যার পূর্বাভাস আগেই দিয়েছিল বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এখন পর্যন্ত দেশের ৩৩টি জেলা পানিবন্দী।
সেই সঙ্গে সারা দেশে বন্যা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। ফলে মানবেতর জীবন যাপন করছে লক্ষাধিক পরিবার। নদীর পানির অব্যাহত চাপে হুমকির মুখে বন্যানিয়ন্ত্রণ বাঁধগুলো। পরিস্থিতির চরম অবনতি হওয়ায় অনেক স্থানে বন্যার্তরা বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিচ্ছে। যমুনা, ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলা পদ্মাসহ বিভিন্ন নদ-নদীর অব্যাহত পানিবৃদ্ধির কারণে বিভিন্ন জেলার চরাঞ্চলের লক্ষাধিক পরিবার চরম দুর্গতিতে পড়েছে।
প্রবল বন্যার সঙ্গে কোথাও কোথাও যোগ হয়েছে ব্যাপক নদীভাঙনের। দিশেহারা হয়ে পড়েছে কয়েক লাখ পানিবন্দী মানুষ। বাড়িঘর ছেড়ে আশ্রয় নিয়েছে রাস্তা কিংবা বাঁধের ধারে। গবাদিপশু আর মানুষের সহাবস্থান দেখা যাচ্ছে সর্বত্র। দরিদ্র অসহায় মানুষগুলোর জীবিকা বন্ধ হয়ে গেছে। আবার অনেকের গোলায় ধান-চাল আছে। রান্না করার সুযোগ নেই, বাড়িঘরে অথই পানি। খেতে পাচ্ছে না। না খেয়ে দিন অতিবাহিত করছে তারা। বিশুদ্ধ পানির অভাবে পান করতে হচ্ছে বন্যার দূষিত পানি। পানিবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে অনেক অঞ্চলে। এ জন্য বন্যার্তদের মধ্যে চলছে ত্রাণের জন্য হাহাকার। শুকনা খাবার ও বিশুদ্ধ পানির বিশেষ প্রয়োজন।
বন্যার্তরা বিশুদ্ধ পানি, জ্বালানি, গোখাদ্য ও ওষুধপথ্যের সংকটে পড়েছে। সরকারিভাবে অনেক এলাকায় ত্রাণসহায়তা প্রদান করা হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। বন্যার্ত অসহায় মানুষগুলো ত্রাণের আশায় তাকিয়ে রয়েছে। সরকারি ত্রাণের পাশাপাশি ব্যক্তি–বেসরকারি সাহায্য সংস্থাগুলোর এগিয়ে আসা জরুরি।
বন্যার্তদের যাতে ব্যাপক ক্ষতির মুখে পড়তে না হয়, এ জন্য প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয়, স্বাস্থ্যকর্মী ও স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। বলার অপেক্ষা রাখে না, বন্যার পানি নেমে যাওয়ার পর ক্ষতির আসল চিত্র ফুটে ওঠে। ফসলাদির ক্ষয়ক্ষতির পাশাপাশি নদীভাঙন তীব্র হয়ে ওঠে। এদিকটি বিবেচনা করে এসব ক্ষয়ক্ষতি মোকাবিলায় অবিলম্বে কর্মপরিকল্পনা নির্ধারণ করতে হবে। বন্যায় যেসব মানুষের ফসল তলিয়ে গেছে এবং যারা ফলাতে পারেনি, তারা যাতে তাদের কার্যক্রম দ্রুত শুরু করতে পারে, এ জন্য দ্রুত সহায়তার ব্যবস্থা করতে হবে। একের পর এক এমন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করা সরকারের একার পক্ষে সম্ভব নয়। এ ক্ষেত্রে সরকারের পাশাপাশি সরকার পরিচালনা দলসহ সব রাজনৈতিক দলের নেতা–কর্মী ও সামর্থ্যবানদের বন্যাদুর্গত মানুষের সাহায্যে এগিয়ে আসা উচিত। জাতীয় ও স্থানীয় নির্বাচনের সময় প্রতিটি নির্বাচনী এলাকায় অনেক বিত্তশালী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছে। জনসেবার সুযোগ চেয়ে নির্বাচনে কোটি কোটি টাকাও তারা খরচ করেছে। এসব নির্বাচনে বিজয়ী এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের এখন বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে হবে। বিশেষ করে সরকারি দলের জনপ্রতিনিধিদের বাধ্যতামূলকভাবে বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য সরকারের তরফ থেকে নির্দেশ দিতে হবে। তাঁরা যাতে বন্যার্তদের পাশে গিয়ে দাঁড়ান, এ বিষয়টি নিশ্চিত করা এবং নির্দেশনা মোতাবেক কাজ করছেন কি না, তা মনিটরিং করতে হবে। জনপ্রতিনিধিদেরও উচিত, সরকারি সহায়তার আশায় বসে না থেকে তাঁদের অর্থনৈতিক সামর্থ্য দিয়ে দুর্গতদের পাশে দাঁড়ানো। এসব জনপ্রতিনিধি সামর্থ্য অনুসারে নিজেদের তহবিল থেকে বন্যার্তদের ত্রাণ সহায়তায় এগিয়ে এলে সরকার ও জনগণের পক্ষে এই দুর্যোগ মোকাবিলা অনেকটাই সহজ হয়ে যাবে। বৃহৎ বিরোধী দল বিএনপিসহ সব দলের নেতা–কর্মী এবং দেশের সামর্থ্যবানদেরও বন্যার্তদের সহায়তায় এগিয়ে আসতে হবে।
দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের দীর্ঘ ঐতিহ্য, দক্ষতা ও সক্ষমতা সম্পর্কে বহির্বিশ্বে সুখ্যাতি রয়েছে। অর্থনৈতিকভাবে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছিল, করোনা মহামারির কারণে তা ক্ষতির সম্মুখীন না হলে বন্যা মোকাবিলা করাটা কঠিন কিছু ছিল না। দুঃখের বিষয়, এই করোনার সময়েও একশ্রেণির মানুষ দুর্নীতির মাধ্যমে সরকারি ত্রাণ ও প্রণোদনার অর্থ লুটপাট করেছে। প্রধানমন্ত্রীর কঠোর হুঁশিয়ারির কারণে তা কমেছে। স্বাস্থ্য খাতের কোটি কোটি টাকা দুর্নীতির বিষয়টি এখন বহুল আলোচিত। অর্থের এই লুটপাট ও অপচয় না হলে বন্যা মোকাবিলায় তা ব্যয় করা যেত। আসুন, আমরা লুটপাট ও অপচয় না করে বানভাসিদের পাশে দাঁড়াই।
*লেখক: শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়