কোমরে ধানের বস্তা বাঁধা যুবকের লাশ
কোমরে ধানের বস্তা বাঁধা অবস্থায় নদীর তীর থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বাকলা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত সজীব মিয়া (২২) কলমাকান্দার কান্তপুর গ্রামের মৃত ইছাম উদ্দিনের ছেলে। পুলিশ বলছে, লাশটির কোমরে প্লাস্টিকের রশির সাহায্যে বস্তাটি বাঁধা ছিল।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সজীব মিয়া অন্তত আট বছর ধরে একই গ্রামের বিল্লাল হোসেনের হাঁসের খামারে কাজ করতেন। শনিবার সকালে তিনি হাঁসের খাবারের জন্য বস্তায় করে ধান নিয়ে বিল্লাল হোসেনের বাসা থেকে বের হন। যাওয়ার পথে বাকলা নদী পর হতে হয়। দুপুর ১২টার দিকে এলাকাবাসী গ্রামের পাশে বাকলা নদীর তীরে তাঁর লাশ পড়ে থাকতে দেখে।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুর রহমান বলেন, ওই যুবকের মৃত্যুটি রহস্যজনক। এ ব্যাপারে এখনো কোনো সুস্পষ্ট ক্লু পাওয়া যায়নি। এ নিয়ে এখনো কোনো মামলা বা কেউ আটক হয়নি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এ নিয়ে বিল্লাল হোসেনের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তাঁর মুঠোফোন নম্বর বন্ধ পাওয়া গেছে।