কোমল পানীয়র বোতলে ফেনসিডিল-মদ
জয়পুরহাটের আক্কেলপুরে ফেনসিডিল ও চোলাই মদ বিক্রি করা হচ্ছে শক্তিবর্ধক কোমল পানীয় (এনার্জি ড্রিংক) টাইগার ও স্পিডের খালি বোতলে ভরে। প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় সচেতন নাগরিকদের চোখ ফাঁকি দিতে মাদক ব্যবসায়ীরা ঈদুল ফিতর থেকে এ কৌশল ব্যবহার করে মাদক বিক্রি করছেন।স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলায় অন্তত অর্ধশতাধিক স্থানে হেরোইন, ফেনসিডিল, গাঁজা ও চোলাইমদ পাইকারি ও খুচরা বিক্রি হয়। এর মধ্যে আক্কেলপুর পৌর সদরের রেলগেট এলাকার যুবলীগের অফিসসংলগ্ন ফারুকের বাড়ি, রেলগেটের শামছুর দোকান, হাস্তাবসন্তপুর মহল্লাসংলগ্ন রেলওয়ের পরিত্যক্ত কোয়াটার, জিয়ানিপাড়া মন্টুর বাড়ি, হাজীপাড়া মাঠ, চৌধুরীপাড়া, পশ্চিম আমুট্ট, বিহারপুর, ঠাঙাপুর, কেশবপুর, শান্তা, সোনামুখী, পালপাড়া, শ্রীকৃষ্টপুর, পাতানিপাড়া, নিচাবাজার, সি অ্যান্ড বি সড়কের আসমার বাড়ি, মালগুদাম ও কলেজ বাজারে মাদক বিক্রি হয়।স্থানীয় লোকজন জানান, এসব স্থানে সারা বছরই মাদক কেনা-বেচা হয়। তবে ঈদ ও পূজায় মাদক বিক্রি কয়েক গুণ বেড়ে যায়। মাদক ব্যবসায়ীরা ঈদ ও পূজার আগে চোরাকারবারীদের কাছ থেকে মাদকদ্রব্য কিনে মজুদ করেন। একই সময় তাঁরা শহরের বিভিন্ন ভাঙারির দোকান থেকে সংগ্রহ করেন টাইগার ও স্পিডের খালি বোতল। পরে এসব বোতলে ফেনসিডিল ও চোলাইমদ ভরে বিক্রি করছেন।পৌর সদরের হাজীপাড়া মহল্লার বাসিন্দা রওশন হাবিব বলেন, ‘আমার মহল্লায় মন্টুর বাড়িতে প্রকাশ্যে মাদক কেনা-বেচা হচ্ছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।’ সদরের এফ ইউ পাইলট হাইস্কুল সড়কের কয়েকজন ব্যবসায়ী জানান, সড়কের পাশে ফারুকের বাড়িতে হেরোইন, ফেনসিডিল, গাঁজাসহ বিভিন্ন রকমের মাদক বিক্রি হচ্ছে। থানার কয়েকজন পুলিশ তাঁর বাড়িতে নিয়মিত যাতায়াত করছে।ফারুক তাঁর বাড়িতে মাদক বিক্রির সত্যতা নিশ্চিত করে জানান, বাড়িতে তাঁর শাশুড়ি থাকেন। তিনি মাঝেমধ্যে গাঁজা বিক্রি করেন। এতে যে টাকা আয় করেন, তা থানার কয়েকজন পুলিশ ও স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের চাঁদা দিতেই শেষ হয়। আক্কেলপুর পৌর মেয়র আলমগীর চৌধুরী বলেন, পুলিশ প্রশাসন ইচ্ছা করলে এক দিনের মধ্যে পৌর এলাকার মাদক কেনা-বেচা বন্ধ করতে পারে। এবার ঈদে পৌর এলাকায় ১৫ লাখ টাকার মাদক বিক্রি হয়েছে। এসব স্থান থেকে পুলিশের কিছু সদস্য নিয়মিত মাসোহারা আদায় করেন—এমন অভিযোগ তাঁর কাছে আছে।অভিযোগ অস্বীকার করে আক্কেলপুর থানার ওসি মোখলেছুর রহমান জানান, মাদকদ্রব্যসহ কাউকে গ্রেপ্তার করলে জনপ্রতিনিধিরাই তাঁকে ছাড়িয়ে নিতে থানায় তদবির করেন।