কোম্পানি হয়েও গতিশীল হতে পারেনি বিটিসিএল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেলিফোন অ্যান্ড টেলিগ্রাফ (টিঅ্যান্ডটি) থেকে বাংলাদেশ টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন বোর্ড (বিটিটিবি) এবং সবশেষে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। বারবার নাম পরিবর্তন হলেও গ্রাহক হয়রানি আর নিম্নমানের সেবা প্রতিষ্ঠানটির গায়ে স্থায়ী সিল হয়ে বসে আছে। ২০০৮ সালের জুলাই মাসে গতিশীল করতে কোম্পানিতে রূপান্তরিত করা হয়। তাতেও আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রতার অবসান হয়নি। সারা দেশের ১৩ লাখ ২০ হাজার ১৪৪টি সংযোগের মধ্যে অব্যবহূত রয়েছে প্রায় চার লাখ। ‘ডিমান্ড পেন্ডিং’ জটিলতায় আটকে রয়েছে প্রায় সাড়ে ১৮ হাজার সংযোগ। বন্দরনগর চট্টগ্রামেই অব্যবহূত রয়েছে প্রায় ৮০ হাজার সংযোগ। পাশাপাশি আন্তর্জাতিক কল বেসরকারি খাতে ছেড়ে দেওয়া ও সাবমেরিন কেব্ল নিয়ে আলাদা প্রতিষ্ঠান গঠন করায় বিটিসিএলের রাজস্বের ওপর চাপ পড়েছে। অন্যদিকে অনাদায়ী রাজস্বের পরিমাণ প্রায় ৬৮৭ কোটি সাত লাখ টাকা। সংযোগে হয়রানি: টিঅ্যান্ডটি ও বিটিটিবির সময়ে সবচেয়ে বেশি অভিযোগ ছিল দাবিনামা বা ডিমান্ড নোট নিয়ে। কোম্পানি গঠনের সময় তৎকালীন কর্তৃপক্ষের ঘোষণা ছিল, গ্রাহকেরা আবেদন করার ২৪ ঘণ্টার মধ্যেই দাবিনামা হাতে পাবেন। কিন্তু দেড় বছরে ২৪ ঘণ্টায় কেউ ডিমান্ড নোট হাতে পেয়েছেন, এমন কোনো গ্রাহকের নাম বিটিসিএলের কোনো কর্মকর্তাই বলতে পারেননি। আর দাবিনামা হাতে আসার পরও সংযোগ পাননি অনেক গ্রাহক। এঁদের প্রত্যেককে বলা হয়েছে সংযোগ তার নেই বা সংশ্লিষ্ট এক্সচেঞ্জে নতুন নম্বর নেই। আর এক স্থান থেকে অন্য স্থানে সংযোগ স্থানান্তর করার চেয়ে সংযোগ ফেরত দেওয়ার সংখ্যাও বাড়ছে।কোম্পানিটিতে কোনো কার্যকর মার্কেটিং বা বিপণন বিভাগ নেই। যেখানে-সেখানে এক্সচেঞ্জ বসানো হয়ছে। নতুন প্রযুক্তি সংযোজনের জন্য কোম্পানি যেসব প্রকল্প শুরু করেছে তা পুরোপুরি কাগজ-কলমে বন্দী। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হাসানুল হক ইনু প্রথম আলোকে বলেন, কোম্পানির এই দেড় বছরে বিটিসিএল কাঙ্ক্ষিত ফল অর্জনে ব্যর্থ হয়েছে। মন্ত্রণালয়ের হস্তক্ষেপ বন্ধ হলে বিটিসিএল দ্রুত সিদ্ধান্ত নিতে সক্ষম হবে। রাজস্ব আয়ে কমতি: বিটিসিএলের রাজস্ব আয় ক্রমশ কমছে। রাজস্ব বিভাগ জানায়, ২০০০ সাল থেকে শুধু তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৮-০৯ অর্থবছরে এবং চলতি অর্থবছরে আয় কিছুটা বেড়েছে। ২০০০-০১ অর্থবছরে এক হাজার ৩০৫ কোটি ২১ লাখ টাকা, ২০০১-০২ অর্থবছরে এক হাজার ৫৮৩ কোটি ৫২ লাখ, ২০০২-০৩ অর্থবছরে এক হাজার ৫৪৪ কোটি ৮০ লাখ, ২০০৩-০৪ অর্থবছরে এক হাজার ৫৩১ কোটি ১৪ লাখ, ২০০৪-০৫ অর্থবছরে এক হাজার ৪২৪ কোটি ৭৮ লাখ, ২০০৫-০৬ অর্থবছরে এক হাজার ৩১৬ কোটি ২৭ লাখ, ২০০৬-০৭ অর্থবছরে এক হাজার ৬৬৬ কোটি ৭১ লাখ, ২০০৭-০৮ অর্থবছরে এক হাজার ৫৬৫ কোটি ৩৩ লাখ, ২০০৮-০৯ অর্থবছরে দুই হাজার ১০৮ কোটি ৫১ লাখ এবং চলতি অর্থবছরে এ পর্যন্ত আয় হয়েছে ৬১৩ কোটি ৫৭ লাখ ৫৫ হাজার ৮১০ টাকা। সম্প্রতি ইন্টারনেট বা ব্রডব্যন্ডের ব্যবসা চালু করলেও গ্রাহক বৃদ্ধির হার খুবই কম। একদিকে রয়েছে অপ্রয়োজনীয় জনবল, আবার অন্যদিকে গুরুত্বপূর্ণ প্রকৌশলী পদের প্রায় ৩২ শতাংশ খালি। বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এস এম খাবীরুজ্জামান বলেন, জুলাইয়ের পর থেকে প্রতিষ্ঠানটি কোম্পানি আইনে চলবে। তখন নতুন সাংগঠনিক কাঠামো অনুযায়ী লোক নিয়োগ দেওয়া হবে।কোম্পানির দুই বছর: কোম্পানি গঠনের পর পার হয়েছে প্রায় ১৮ মাস। এ সময়ে নিয়োগ পেয়েছেন দুজন ব্যবস্থাপনা পরিচালক। এ ছাড়া ১২ হাজার কোটি টাকার উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হলেও বিটিসিএলে এখনো উল্লেখযোগ্য কোনো নতুন প্রযুক্তি নেই। কোম্পানিতে পরিবর্তন হওয়ার সময় ‘ডাটাকন’ নামে একটি পরামর্শক প্রতিষ্ঠানের হিসেবে বিটিসিএলের সম্পদের পরিমাণ মাত্র ১৫ হাজার কোটি টাকা। সম্প্রতি হুদা ভাসি চৌধুরী অ্যান্ড কোম্পানি নামের একটি প্রতিষ্ঠান জানিয়েছে, কোম্পানির মোট সম্পদের পরিমাণ প্রায় ৩৮ হাজার কোটি টাকা। ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ বলেন, বিটিসিএল এখনো সরকারি অফিসের মতো ঢিলেঢালাভাবে চলছে। অধিকাংশ কর্মকর্তা ‘রাজনৈতিক জুজু’র ভয়ে অস্থির। তবে পরিবর্তন হচ্ছে।