কোম্পানির আর্থিক বিবরণী মামলায় শেখ হেলাল ও তাঁর চার ভাই খালাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টুঙ্গিপাড়া পরিবহন লিমিটেডের বার্ষিক আর্থিক বিবরণী দাখিল না করার অভিযোগে করা মামলা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলালউদ্দিন ও তাঁর চার ভাইকে খালাস দিয়েছেন আদালত। একই সঙ্গে মামলাটিও খারিজ করা হয়। ঢাকার মহানগর হাকিম এস কে তোফায়েল হাসান গতকাল রোববার এ আদেশ দেন।মামলা থেকে খালাস পাওয়া শেখ হেলালের চার ভাই হলেন শেখ সালাউদ্দিন, শেখ সোহেলউদ্দিন, শেখ জামালউদ্দিন ও শেখ বেলালউদ্দিন। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ২৯ জুলাই যৌথ মূলধনী কোম্পানিসমূহের নিবন্ধন কার্যালয়ের কর্মকর্তা আবদুল মান্নান বাদী হয়ে এই পাঁচজনের নামে মামলাটি করেন।গতকাল শেখ হেলালের আইনজীবী মনজুর আলম প্রথম আলোকে বলেন, মামলায় বলা হয়েছিল কোম্পানি বার্ষিক আর্থিক বিবরণী দাখিল না করে রাজস্ব ফাঁকি দিয়েছে। কিন্তু কোম্পানির আর্থিক বিবরণী ও রাজস্ব দাখিল করা হয়েছে। এ সংক্রান্ত কাগজপত্রও দাখিল করা হয়েছে। আদালত কাগজপত্র পর্যালোচনা করে শেখ হেলালসহ প্রত্যেককে খালাস দিয়েছেন। মামলাটিও খারিজ করে দিয়েছেন।