কোম্পানীগঞ্জ ও বেড়ায় ৬০০ ঘরবাড়ি বিলীন
নদীভাঙনে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় গত ছয় মাসে পাঁচ শতাধিক ঘরবাড়ি এবং পাবনার বেড়া উপজেলার চরপেঁচাকোলা গ্রামে গত এক মাসে শতাধিক ঘরবাড়ি বিলীন হয়েছে।কোম্পানীগঞ্জের পাঁচটি ইউনিয়নে ছোট ফেনী নদী ও বামনী নদীর ভাঙনে পাঁচ শতাধিক ঘরবাড়ি, বেড়িবাঁধের বিস্তীর্ণ অংশ, ৮০০ একর ফসলি জমি বিলীন হয়েছে। এ ছাড়া প্রায় ৫০টি ঘেরের মাছ ভেসে গেছে। ভাঙন রোধে গত বছর কদমতলা এলাকায় পানি উন্নয়ন বোর্ড নির্মিত রিংবাঁধও ইতিমধ্যে ভেঙে গেছে। এ কারণে ওই এলাকার মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে। সম্প্রতি সরজমিনে দেখা গেছে, বর্ষা মৌসুম আসার আগেই ছোট ফেনী ও বামনী নদীর ভাঙন তীব্র হয়েছে। জোয়ার-ভাটার সময় ফসলি জমি, বসতবাড়ি ভেঙে বিলীন হচ্ছে নদীতে। ছোট ফেনী নদীর ভাঙনের কবলে পড়েছে চরপার্বতী ইউনিয়নের পূর্ব ও পশ্চিম কদমতলা, মুছাপুর ইউনিয়নের চরদিয়ারা বালুয়া এলাকা। এ ছাড়া বামনী নদীর ভাঙনের কবলে পড়া এলাকাগুলো হচ্ছে মুছাপুর জেলেপাড়া, চরফকিরা ইউনিয়নের গুচ্ছগ্রাম, চরএলাহী ইউনিয়নের ক্লোজারঘাট ও গাংচিল এবং চরহাজারী ইউনিয়নের মাছুয়াদোনা এলাকা।উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্রে জানা গেছে, ছোট ফেনী ও বামনী নদীর ভাঙনে গুচ্ছগ্রামের ১০০টি, কদমতলার ১৫০টি, চরএলাহীর ক্লোজারঘাট এলাকায় ৬০টি ঘরবাড়ি এবং প্রায় ৮০০ একর ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। এ ছাড়া প্রায় ৫০টি ঘেরের মাছ ভেসে গেছে। তবে স্থানীয় লোকজনের দাবি, ভাঙনে ক্ষতির পরিমাণ আরও বেশি। কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমজাদ হোসেন জানান, ছোট ফেনী ও বামনী নদী প্রতিদিনই ভাঙছে। গত বছর তৈরি করা একটি অস্থায়ী রিংবাঁধ ভেঙে গেছে। জরুরি ভিত্তিতে আরও একটি বাঁধ নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে।এদিকে যমুনার ভাঙনে গত এক মাসে পাবনার বেড়া উপজেলার চরপেঁচাকোলা গ্রামের শতাধিক পরিবার ঘরবাড়ি ও ফসলি জমি হারিয়ে নিঃস্ব হয়েছে। ভাঙন অব্যাহত থাকায় গোটা গ্রামই এখন হুমকির মুখে। ভাঙনের মুখে পড়েছে গ্রামের দোতালা সরকারি প্রাথমিক বিদ্যালয়টিও। সরজমিনে দেখা গেছে, ভাঙনে বিদ্যালয় ভবনের একাংশ বিলীন হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের লোকজন গতকাল বুধবার গ্রামে ভাঙন ঠেকাতে কাজ শুরু করেছে। তারা ভাঙনকবলিত ওই বিদ্যালয়ের পাশে বালুর বস্তা ফেলছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল বাতেন বলেন, ‘সব আসবাবপত্র সরিয়ে নিয়েছি। এখন প্রতিটি মুহূর্তই চিন্তায় কাটছে, না জানি কখন কী হয়। বিদ্যালয়টি বিলীন হয়ে গেলে ৩০০ শিক্ষার্থীর পড়ালেখা অনিশ্চিত হয়ে পড়বে।’