কোম্পানীগঞ্জ থমথমে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থানের কারণে গতকাল রোববার কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি। তবে গত শনিবার পুলিশ ও জামায়াত-শিবিরের কর্মীদের সংঘর্ষে নিহত সাতজনের পরিচয় পাওয়া গেছে। এ ঘটনায় উপজেলায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এদিকে কয়েক দিনের সহিংস ঘটনায় জামায়াত-শিবির ও যুবদলের নয়জন কর্মী নিহত হওয়ার প্রতিবাদে কাল মঙ্গলবার জেলায় সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে জেলা ১৮-দলীয় জোট। গতকাল সকালে জোটের এক বৈঠকে হরতালের এ সিদ্ধান্ত নেওয়া হয়।

শনিবার পুলিশ ও জামায়াত-শিবিরের কর্মীদের ব্যাপক সংঘর্ষ এবং সাতটি সরকারি দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। গতকাল দেশব্যাপী জামায়াত-শিবিরের হরতাল কর্মসূচি থাকলেও কোম্পানীগঞ্জে হরতালের সমর্থনে দলটির কর্মীদের তৎপরতা চোখে পড়েনি। দিনভর উপজেলা সদরের বসুরহাট এবং আশপাশের এলাকায় পরিস্থিতি ছিল থমথমে। শহরের কিছু দোকানপাট খোলা থাকলেও জনসমাগম ছিল খুবই কম। শনিবার সহিংস ঘটনায় নিহত সাতজনের মধ্যে তিনজনের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তাঁরা হলেন সিরাজপুর ইউনিয়ন জামায়াতের কর্মী আবদুর নুর ওরফে রাশেল (২৭) ও চরপার্বতী ইউনিয়নের মাইক্রোবাসচালক মাহমুদুল হক ওরফে মিশু (২২) এবং শিবিরের কর্মী মুছাপুর ইউনিয়নের আবদুস সাত্তার (২২)। এই তিনটি লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয় বলে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুর রহমান।

 এ ছাড়া হাসপাতাল ও ঘটনাস্থল থেকে বাড়িতে নিয়ে যাওয়া চার লাশের পরিচয় নিশ্চিত করেছে জামায়াত-শিবির। তাঁরা হলেন শিবিরের কর্মী বামনী কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র রামপুর ইউনিয়নের সাইফুল ইসলাম (১৯), চরকাঁকড়া ইউনিয়নের সাইফুল ইসলাম (২০) ও বসুরহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মতিউর রহমান ওরফে সজীব (১৭) ও চরহাজারী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আবদুর রাজ্জাকের ছেলে আবদুল আজিজ ওরফে রায়হান (২০)। জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আলাউদ্দিন জানান, পুলিশের গুলিতে নিহত এই চারজনের মধ্যে রামপুর ইউনিয়নের সাইফুল ইসলামের লাশ গতকাল সকালে এবং বাকি তিনজনের লাশ শনিবার রাতেই পরিবারের লোকজন দাফন করেন।

প্রথম আলোর পক্ষ থেকে সংশ্লিষ্ট এলাকার পৌর কাউন্সিলর ও ইউপি সদস্য এবং স্থানীয় লোকজনের সঙ্গে যোগাযোগ করলে তাঁরাও নিজ নিজ এলাকায় লাশগুলো দাফনের কথা নিশ্চিত করেন।