কোম্পানীগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক প্রত্যাহার
শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপের অভিযোগে নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক আবদুল ওয়াহেদকে প্রত্যাহার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে পুলিশ সুপারের নির্দেশে তাঁকে প্রত্যাহার করে নোয়াখালী পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।জানতে চাইলে পুলিশ সুপার হারুন-উর-রশিদ হাযারী আবদুল ওয়াহেদকে প্রত্যাহারের কথা নিশ্চিত করেন। তিনি প্রথম আলোকে বলেন, যথাযথ দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় তাঁর বিরুদ্ধে ওই পদক্ষেপ নেওয়া হয়েছে।কোম্পানীগঞ্জ থানা সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী সম্পর্কে আপত্তিকর মন্তব্য পোস্ট করার অভিযোগে গত বুধবার বসুরহাট বাজার থেকে দুই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। যুবকেরা হলেন: বসুরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের এনামুল হকের ছেলে নুরউদ্দিন ফাহাদ (২৫) ও আবু তাহের ওরফে রুবেল (২০)। গ্রেপ্তারের পর তাঁদের পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো. হুমায়ুন কবির বলেন, গ্রেপ্তারকৃত ওই দুই আসামি থানা হাজতে থাকাকালে থানায় দায়িত্ব পালনকারী এএসআই ওয়াহেদের ভূমিকা যথাযথ ছিল না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার পর তাঁর বিরুদ্ধে ওই ব্যবস্থা নেওয়া হয়। তবে, এ বিষয়ে এএসআই ওয়াহেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।