কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ সড়ক সংস্কারের দাবিতে ধর্মঘট শুরু
সময় বেঁধে দেওয়ার পরও সড়ক সংস্কারের উদ্যোগ না নেওয়ায় সিলেটের কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ সড়কে গতকাল শুক্রবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হয়েছে। পাথর ও চুনাপাথর আমদানিকারক ব্যবসায়ী সংগঠনগুলো ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়ার এ কর্মসূচির ডাক দেয়। তবে এ ধর্মঘটে ওই সড়ক দিয়ে চলাচলকারী যানবাহনগুলোর পৃথক সংগঠনও একাত্মতা প্রকাশ করেছে।কোম্পানীগঞ্জ চুনাপাথর আমদানিকারক গ্রুপ সূত্রে জানা গেছে, দেশের বৃহত্তম পাথর কোয়ারি ভোলাগঞ্জ। ৩৩ কিলোমিটার দীর্ঘ এ সড়ক দিয়ে পাথর ও যাত্রীবাহী যানবাহন চলাচল করে। কিন্তু প্রায় তিন বছর ধরে সড়কের কয়েকটি সেতু নির্মিত না হওয়ায় এবং কিছু এলাকা সংস্কারের অভাবে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। কোম্পানীগঞ্জ চুনাপাথর আমদানিকারক গ্রুপসহ পাথর ব্যবসায়ী সমবায় সমিতি, ট্রাক মালিক সমিতি ও স্টোন ক্রাশার মিল মালিক সমিতি গত বুধবার যৌথ সভা করে। এ সভায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগকে সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়ার জন্য দুই দিনের সময় বেঁধে দেওয়া হয়। অন্যথায় অনির্দিষ্টকালের ধর্মঘট ডাকার হুঁশিয়ারি দেওয়া হয়।কোম্পানীগঞ্জ চুনাপাথর আমদানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান জানান, বেঁধে দেওয়া সময় পার হওয়ায় গতকাল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হয়েছে। ধর্মঘট অব্যাহত থাকবে। তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন। তবে সওজ সিলেটের উপবিভাগীয় প্রকৌশলী মীর নিজাম উদ্দিন জানান, ধর্মঘটের ব্যাপারে সওজ কিছু জানে না। সড়কে সেতুর কাজ দ্রুত সম্পন্ন করতে এ সপ্তাহে ঠিকাদারপক্ষের সঙ্গে বৈঠক হয়েছে। এ ছাড়া গত অর্থবছরে সড়কের কিছু অংশ সংস্কারের পর অতিবৃষ্টির কারণে আবার খানাখন্দের সৃষ্টি হয়েছে। এগুলো দ্রুত মেরামত করার চেষ্টা করা হচ্ছে।