কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ সড়কে ধর্মঘট অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ সড়ক সংস্কারের দাবিতে গতকাল শনিবারও ধর্মঘট পালন করা হয়। তবে দুপুরে সওজ বিভাগের কর্মকর্তারা ধর্মঘট আহ্বানকারীদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে সড়ক সংস্কারকাজ শুরুর জন্য এক সপ্তাহের সময় চেয়ে ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানানো হয়। তবে আন্দোলনকারীরা আজ রোববার বৈঠক করে তাঁদের সিদ্ধান্তের কথা জানাবেন। এলাকাবাসীর কয়েকজন জানান, এ সড়কে গতকাল আটকে পড়া কিছু পাথরবোঝাই ট্রাক ও বিচ্ছিন্নভাবে সিএনজিচালিত অটোরিকশা ছাড়া কোনো যানবাহন চলাচল করেনি। অনির্দিষ্টকালের ধর্মঘটের দ্বিতীয় দিনে একাত্মতা প্রকাশ করে মোটর মালিক গ্রুপ ও ট্রাক শ্রমিক ইউনিয়ন। বেলা ১১টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলা সদর কমপ্লেক্সে এক সমাবেশ হয়। এতে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা আবদুন নূর। বক্তব্য দেন কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুরের ইউপি চেয়ারম্যান বাবুল মিয়া, তেলিখালের সাবেক ইউপি চেয়ারম্যান আফতাব আলী, কোম্পানীগঞ্জ ট্রাক মালিক সমিতির সভাপতি হুমায়ুন কবির, পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুল জলিল প্রমুখ।পরে বেলা তিনটার দিকে ধর্মঘট আহ্বানকারী সংগঠনগুলোর নেতাদের সঙ্গে উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে বৈঠকে বসেন সওজের নির্বাহী প্রকৌশলী আবু এহতেশাম ও উপবিভাগীয় প্রকৌশলী মীর নিজাম উদ্দিন। বৈঠকে সওজের কর্মকর্তারা এক সপ্তাহের জন্য কর্মসূচি স্থগিতের অনুরোধ জানান। জবাবে আন্দোলনরত নেতারা বলেন, আজ সব সংগঠনের সঙ্গে বৈঠক করে সওজের অনুরোধের বিষয়টি বিবেচনা করা হবে।