কোম্পানীগঞ্জকে সিলেট-১ আসনে অন্তর্ভুক্ত করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলাকে সিলেট-১ আসনের সঙ্গে অন্তর্ভুক্তি না করলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট বয়কট করবেন বলে ঘোষণা দিয়েছেন সর্বদলীয় রাজনৈতিক নেতাসহ ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরা। গত বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদরে ‘কোম্পানীগঞ্জের সচেতন জনগণ’ ব্যানারে মানববন্ধন চলাকালে এক সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়।সমবেশে বক্তারা বলেন, স্বাধীনতার পর থেকে কোম্পানীগঞ্জ উপজেলা সিলেট-১ আসনের সঙ্গে ছিল। ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে কোম্পানীগঞ্জকে সিলেট-৪ আসনের সঙ্গে সংযুক্ত করা হয়। এ সংযুক্তির বিপক্ষে জনসাধারণ অবস্থান নিলেও তৎকালীন সরকার জনদাবির প্রতি কোনো কর্ণপাত করেনি।মানববন্ধনে একাত্ম হয়ে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আলী আমজদ, আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক আবদুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজি সিকন্দর আলী, কোম্পানীগঞ্জ স্টোন ক্রাশার মিল মালিক সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা আবদুন নুর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আপ্তাব আলী, পশ্চিম ইসলামপুরের ইউপি চেয়ারম্যান সমছু মিয়া, ইছাকলসের ইউপি চেয়ারম্যান এখলাছুর রহমান, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২ পরিচালক সামসুজ্জামান, বিআরডিবির চেয়ারম্যান শাহ জামাল, সাংবাদিক সিরাজুলসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা বক্তব্য দেন।