কোম্পানীগঞ্জে আবার টিলাধস শ্রমিক নিহত, ওসিকে বদলি
সিলেটের কোম্পানীগঞ্জের শাহ আরেফিন টিলায় পাথর তোলার সময় আবারও মাটিধসে এক শ্রমিক নিহত হয়েছেন। গতকাল শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। আহত হয়েছেন আরও তিন শ্রমিক। এ ঘটনায় কোম্পানীগঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েছ আলমকে তাৎক্ষণিক বদলি (স্ট্যান্ড রিলিজ) করা হয়েছে।
এর আগে ২৩ জানুয়ারি শাহ আরেফিন টিলায় পাথর তোলার সময় গর্তে মাটিধসে পাঁচ শ্রমিক নিহত হন। আহত হন আরও তিনজন। ১৮ দিনের মাথায় টিলাধসে শ্রমিক হতাহতের দ্বিতীয় ঘটনা ঘটল। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। পাথর উত্তোলনে নিয়োজিত এক শ্রমিককেও আটক করেছে। এ ঘটনায় নয় পাথর ব্যবসায়ীকে আসামি করে মামলা হয়েছে।
গতকাল মাটিধসের ঘটনায় নিহত শ্রমিক আনিসুর রহমানের (৩০) বাড়ি সুনামগঞ্জ সদর উপজেলার আহমদনগর গ্রামে। আহত তিন শ্রমিক হলেন আবদুল গফুর (২৫), আবদুল মান্নান (৩২) ও মিজানুর রহমান (২০)। তাঁদের মধ্যে গফুরের বাড়ি সুনামগঞ্জের ইচ্ছারচর ও মিজানের বাড়ি তাহিরপুরের লোহাছড়া গ্রামে।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) সুজ্ঞান চাকমা বলেন, অবৈধভাবে পাথর তোলায় শ্রমিক হতাহতের ঘটনার পুনরাবৃত্তি ঘটায় কোম্পানীগঞ্জ থানার ওসি বায়েছ আলমকে গতকাল সন্ধ্যা সাতটার দিকে তাৎক্ষণিক বদলি করা হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রহুল আমিন বলেন, ঘটনার পরপরই আহত তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে পাথর ব্যবসায়ী ময়না মিয়ার ছেলে কাদির মিয়াকে আটক করা হয়েছে।
স্থানীয় লোকজন বলেন, বিকেল সাড়ে পাঁচটার দিকে শাহ আরেফিন টিলার মতিয়ার টিলা অংশের ‘করিমের গর্তে’ হঠাৎ মাটি ধসে পড়ে। এ সময় গর্তের ভেতরে থাকা চার শ্রমিক চাপা পড়েন। ঘটনার পরপরই লাশ লুকানোর চেষ্টা করা হলে স্থানীয় কয়েকজন টিলা এলাকা ঘিরে ফেলেন। পরে পুলিশ সেখানে গিয়ে লাশ উদ্ধার করে।
কোম্পানীগঞ্জ থানার ওসিকে প্রত্যাহার করার খবর পেয়ে উপজেলা সদরের কলাবাড়ি এলাকায় আনন্দ মিছিল করেছেন পাথর শ্রমিকেরা। মিছিলকারীদের অভিযোগ, শাহ আরেফিন টিলায় ওসির যোগসাজশেই অবৈধভাবে পাথর তোলা হচ্ছিল।
বিছনাকান্দিতে নিহতদের দাফন
সুনামগঞ্জ অফিস জানায়, সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দির কুলুমছড়া এলাকায় অবৈধভাবে পাথর তোলার সময় গত শুক্রবার নিহত তিন পাথর শ্রমিকের দুজনকে নিজেদের গ্রামে দাফন করা হয়েছে। তাঁরা হলেন সুনামগঞ্জ সদর উপজেলার কাঠইর ইউনিয়নের গুলেরগাঁও গ্রামের নজির মিয়ার ছেলে জাকির হোসেন (১৬) ও ওয়াছির আলীর ছেলে তোলা মিয়া (২৬)। ওই দিন নিহত তৃতীয় শ্রমিক হলেন নেত্রকোনার কোনাগাঁও গ্রামের নির্মল সরকারের ছেলে পরিমল সরকার (২৬)।
গোয়াইনঘাট থানার ওসি দেলোয়ার হোসেন বলেন, এ ঘটনায় এসআই মতিউর রহমান পাঁচজনের নাম উল্লেখ করে গত শুক্রবার হত্যা মামলা করেছেন। বিছনাকান্দির কুলুমছড়ায় পাথর কোয়ারি থেকে গতকাল এজাহারভুক্ত দুই আসামি জাহিদ হাসান (৪৫) ও জাহিদুল ইসলামকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে।