কোম্পানীগঞ্জে এক পাথর ব্যবসায়ী খুন
মুদি দোকানদারের কাছে পাওনা ছিল মাত্র ১০০ টাকা। এ টাকা চাইতে গিয়ে প্রতিপক্ষের সুলপির আঘাতে ঘটনাস্থলে মারা গেছেন একজন পাথর ব্যবসায়ী। গতকাল শুক্রবার দুপুরে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার মধ্যমরাজনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মুহিবুর রহমান ওরফে নজরুল (৩৫)। তিনি কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ পাথর কোয়ারির একজন ব্যবসায়ী ছিলেন। এলাকাবাসী সূত্রে জানা গেছে, কোম্পানীগঞ্জের পশ্চিম ইসলামপুর ইউনিয়নের মধ্যমরাজনগরের আহাদ মিয়ার দোকানে নজরুলের ভাতিজার ১০০ টাকা পাওনা ছিল। ওই টাকা চাইতে গিয়ে আহাদ মিয়ার সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন নজরুল। দুই পক্ষের বচসার একপর্যায়ে সুলপির আঘাতে নজরুল ঘটনাস্থলেই মারা যান। আহত হন নজরুলের ভাতিজা শোয়েব (১৮)। তাঁকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ উদ্দিন আহমদ গতকাল বিকেলে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। পাওনা টাক নিয়ে তর্ককে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে।