কোম্পানীগঞ্জে ওসির পর ইউএনও বদলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিন টিলায় অবৈধভাবে পাথর উত্তোলন করতে গিয়ে ফের শ্রমিক হতাহতের ঘটনায় এবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহা. মাসুম বিল্লাহকে সরিয়ে নেওয়া হয়েছে। আজ রোববার দুপুরের দিকে তাঁকে কোম্পানীগঞ্জ থেকে সুনামগঞ্জের শাল্লায় বদলি করা হয়। সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম চৌধুরী বদলির বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে গতকাল শনিবার রাতে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েছ আলমকে তাৎক্ষণিক প্রত্যাহার করা হয়েছিল।
জেলা ও পুলিশ প্রশাসন সূত্র জানায়, গত ২৩ জানুয়ারি শাহ আরেফিন টিলাধসে পাঁচজন শ্রমিক নিহত হওয়ার ঘটনায় পৃথক দুটি তদন্ত কমিটি যথারীতি সংশ্লিষ্ট থানা ও উপজেলা প্রশাসনের গাফিলতির বিষয়টি চিহ্নিত করেছিল। ওই তদন্ত প্রতিবেদন দাখিল করার পর পুলিশ ও জেলা প্রশাসন কোম্পানীগঞ্জের ওসি এবং ইউএনওর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন থাকার মধ্যে গতকাল শনিবার বিকেলে শাহ আরেফিন টিলায় ফের টিলাধসে একজন শ্রমিক নিহত ও তিনজন আহত হন। এ খবরে জেলা পুলিশ তাৎক্ষণিক ওসিকে প্রত্যাহারের পরদিন আজ রোববার জেলা প্রশাসন ইউএনওকে সরিয়ে নিল।
গতকাল টিলাধসে আনিছুর রহমান নামের শ্রমিক নিহত হওয়ার ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় আরেকটি হত্যা মামলা করা হয়েছে। সহকারী উপপরিদর্শক আরিফ উল্লাহ বাদী হয়ে তিনজন পাথর কারবারির নাম উল্লেখসহ অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে এ মামলা করা হয়েছে। কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন জানান, এ মামলায় আটক একজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।