কোম্পানীগঞ্জে ওসির বিরুদ্ধে বিক্ষোভ, সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের কোম্পানীগঞ্জে তদন্ত না করে ব্যবসায়ীদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা নেওয়ায় কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে গতকাল বৃহস্পতিবার বিক্ষোভ করেছে এলাকাবাসী। এ সময় বিক্ষুব্ধ জনতা সিলেট-কোম্পানীগঞ্জ সড়ক প্রায় আড়াই ঘণ্টা অবরোধ করে রাখে।এলাকাসী সূত্রে জানা গেছে, কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ রজ্জুপথের (রোপওয়ে) বাংকার খুঁড়ে পাথর উত্তোলন পরিস্থিতি দেখতে গত বুধবার পরিদর্শনে আসেন রেলওয়ে মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শশি কুমার সিংহ। এ সময় সচিবের প্রশ্নের জবাবে স্থানীয় কয়েকজন ব্যবসায়ী অভিযোগ করেন, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম সরকার ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপজেলা সভাপতি শামীম আহমদ বাংকার থেকে পাথর উত্তোলন ও চাঁদাবাজির ঘটনায় জড়িত। যুগ্ম সচিব অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে ওই এলাকা ত্যাগ করেন।ওই ঘটনার পর স্থানীয় ছয় ব্যবসায়ীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে গতকাল সকালে কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা হয়। ব্যবসায়ীরা অভিযোগ করেন, আগের দিন যুগ্ম সচিবের কাছে অভিযোগ করায় ওসি ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের ওই নেতা নিজেদের লোক দিয়ে ব্যবসায়ীদের বিরুদ্ধে এই মামলা করিয়েছেন।এর পরিপ্রেক্ষিতে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী বিকেল চারটা থেকে সন্ধ্যা পর্যন্ত সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের হাবিবের দোকান নামক স্থানে জড়ো হন। এ সময় ওসি আমিনুল ইসলাম সরকার ঘটনাস্থলে গেলে বিক্ষুব্ধ লোকজন তাঁকে ধাওয়া করে। তখন তিনি কোম্পানীগঞ্জে না ফিরে একটি সিএনজিচালিত অটোরিকশা নিয়ে সিলেটে চলে যান। এরপর এলাকাবাসী সিলেট-কোম্পানীগঞ্জ সড়ক বিকেল চারটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত অবরোধ করে রাখে। এ সময় সড়কের উভয় দিকে পাথরবোঝাই সহস্রাধিক ট্রাকসহ যাত্রীবাহী যানবাহন আটকা পড়ে।কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) নন্দন কান্তি ধর জানান, চাঁদাবাজির অভিযোগে ব্যবসায়ী আবদুল আলিম, আবদুল হকসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেছেন কোম্পানীগঞ্জের উত্তর খলাবাড়ীর বাসিন্দা ট্রাকচালক সইবুর রহমান। এজাহারে বলা হয়েছে, আসামিরা ট্রাকচালকদের কাছ থেকে চাঁদা আদায় করছে। চাঁদা না দেওয়ায় গত বুধবার রাতে একজন ট্রাকচালককে মারধর করা হয়েছে।ব্যবসায়ী আবদুল হক প্রথম আলোকে বলেন, ওসি আমিনুল ও শামীমের বিরুদ্ধে বাংকার খুঁড়ে পাথর উত্তোলনে সহযোগিতার বিষয়টি যুগ্ম সচিবকে জানানোয় তাঁরা ক্ষুব্ধ হয়ে নিজস্ব লোক দিয়ে সাজানো মামলা করেছেন। বিষয়টি জানার পর এলাকাবাসী ও স্থানীয় ব্যবসায়ীরা বিক্ষোভ করেছেন।মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নেতা শামীম আহমদ ফোন ধরেননি।তবে ওসি আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘একজন ট্রাকচালককে মারধর করার অভিযোগে মামলা নেওয়া হয়েছে। এজাহারে চাঁদাবাজির অভিযোগও রয়েছে। মামলা নথিভুক্ত হলেও পুলিশ তদন্ত করার আগেই লোকজন বিক্ষোভ শুরু করেছে।’