কোম্পানীগঞ্জে খুনের মামলার আসামি খুন
সিলেটের কোম্পানীগঞ্জে খুনের মামলার এক আসামি খুন হয়েছেন। গত মঙ্গলবার রাত নয়টায় হায়দরী বাজারের সেতুর কাছ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।তাঁর নাম শওকত আলী (৪০)। দক্ষিণ রণিখাই ইউনিয়নের সুন্দউরা গ্রামের বাসিন্দা শওকত একই গ্রামের আবদুর রহিম হত্যা মামলার প্রধান আসামি ছিলেন এবং প্রায় তিন মাস জেল খেটে সম্প্রতি জামিনে ছাড়া পান।স্থানীয় লোকদের বরাত দিয়ে পুলিশ জানায়, শওকত একই গ্রামের আবদুর রহিম হত্যা মামলার আসামি ছিলেন। ওই মামলায় তিনি প্রায় তিন মাস জেল খেটে সম্প্রতি কারাগার থেকে বের হন। খুনের ঘটনায় তাঁর জেল খাটা ও মামলা নিয়ে প্রায় এক সপ্তাহ আগে এলাকাবাসী সমঝোতার উদ্যোগ নিয়েছিলেন। এ অবস্থায় তিনি খুন হন। এলাকাবাসীর ধারণা, পূর্বশত্রুতাবশত শওকত খুন হতে পারেন।কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম সরকার জানান, এ ঘটনায় নিহত শওকতের চাচাতো ভাই ইন্তাজ আলী বাদী হয়ে একজনের নাম উল্লেখসহ অজ্ঞাত চারজনকে আসামি করে মামলা করেছেন।