কোম্পানীগঞ্জে গণপিটুনিতে পাঁচ জলদস্যু নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর কোম্পানীগঞ্জের চর এলাহী ইউনিয়নের চর গাংচিলের কেল্লার বাজার এলাকায় গতকাল সোমবার পাঁচ জলদস্যুকে ধরে গণপিটুনি দিয়ে হত্যা করেছে স্থানীয় জেলে ও গ্রামবাসী। গতকাল সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।নিহতদের মধ্যে চারজনের নাম জানা গেছে। তাঁরা হলেন মো. নাছির (৩০), আবদুল মান্নান (২৮), মো. রাসেল (২৭), মো. মানিক (৩২) ও অজ্ঞাত (২৫)। এর মধ্যে নাছির ও মান্নান দুজন ভাই বলে জানা গেছে।নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) হারুন-উর-রশিদ হাযারী মুঠোফোনে গণপিটুনিতে পাঁচ ডাকাতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ সুপার বলেন, নিহত ব্যক্তিরা সবাই উপকূলীয় এলাকার জলদস্যু নিজাম ডাকাত বাহিনীর সদস্য বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।পুলিশ ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, গতকাল বিকেল পাঁচটার দিকে বামনী নদীতে চর গাংচিলের একদল জেলে নৌকা নিয়ে মাছ ধরার সময় ৮-১০ জনের একদল দস্যু অন্য একটি ট্রলার নিয়ে ওই জেলে নৌকাটিকে আক্রমণ করে। এ সময় দস্যুদের চিৎকারে নদীতে কাছাকাছি থাকা অন্য মাছ ধরা নৌকাগুলোতে থাকা জেলেরা সহপাঠীদের সহযোগিতায় এগিয়ে আসতে দেখে দস্যুরা দুটি ভাগে বিভক্ত হয়ে চার-পাঁচজন ট্রলার নিয়ে পালিয়ে যায় এবং বাকি পাঁচজন দৌড়ে গিয়ে তীরের দিকে ওঠে।সূত্র জানায়, জেলেদের চিৎকারে নদীতে থাকা আশপাশের লোকজনও একত্র হয়ে দস্যুদের ধাওয়া করে পার্শ্ববর্তী কেল্লার বাজারের কাছে ঘেরাও দিয়ে ধরে ফেলে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই আটক পাঁচ দস্যুর মৃত্যু হয়।