কোম্পানীগঞ্জে গ্রামীণ সড়ক যোগাযোগ বেহাল
নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট-হাজিরহাট-কদমতলা সড়ক দিয়ে কদমতলার দিকে রিকশায় চড়ে যাচ্ছিলেন দুই যাত্রী। রিকশাটি মৌলভীবাজারের কাছে যাওয়ামাত্রই রিকশা থেকে যাত্রীরা নেমে পড়েন। কারণ, সড়কটির দুরবস্থার কারণে চালক হেঁটেও তাঁদের টেনে নিতে পারবেন না।শুধু এই সড়কটিরই নয়, যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরের নির্বাচনী এলাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জের এমন অনেক সড়কই রয়েছে, যেগুলো দিয়ে ঠিকমতো হেঁটে যাওয়াও দুরূহ। গত সাড়ে চার বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি গ্রামীণ ওই সড়কগুলোতে। একই চিত্র চোখে পড়ে চর ফকিরা ইউনিয়নসহ অন্যান্য ইউনিয়নের বিভিন্ন সড়কের ক্ষেত্রেও।সরেজমিনে দেখা যায়, কোম্পানীগঞ্জে যোগাযোগ মন্ত্রণালয়ের অধীন সড়কগুলোর অবস্থা তুলনামূলকভাবে ভালো হলেও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সড়কগুলোর অবস্থা ভালো নয়, যার একটি কোম্পানীগঞ্জ-হাজিরহাট-কদমতলা সড়ক। মৌলভীবাজার এলাকাসহ কয়েকটি স্থানে সড়কটি পাশের খালে ভেঙে পড়ছে। বিভিন্ন অংশে সৃষ্টি হওয়া একেকটি গর্ত যেন মরণফাঁদ। এর পরও ট্রাক, পিকআপভ্যান, অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন চলছে ঝুঁকি নিয়ে।মৌলভীবাজার এলাকার বাসিন্দা আবদুর রশিদ প্রথম আলোকে বলেন, ‘যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরের বাড়ি আমাদের এলাকায়। এটি তাঁর নির্বাচনী এলাকাও। কিন্তু গত পাঁচ বছরে নিজের এলাকার সড়কগুলোরও তিনি ঠিকমতো উন্নয়ন করতে পারেননি। এটি আমাদের জন্য দুর্ভাগ্য কি না আল্লায়ই জানেন।’অন্যদিকে চর ফকিরা এলাকার কলেজছাত্র মিজানুর রহমান বলেন, ওই এলাকার পাকা সড়কগুলো গত সাত-আট বছরেও কোনো সংস্কার হয়নি। যার দরুন সড়কগুলোর কার্পেটিং উঠে খানাখন্দের সৃষ্টি হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কের দুরবস্থার আরেক চিত্র ফুটে উঠেছে উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের তথ্যেও। সংশ্লিষ্ট সূত্র জানায়, কোম্পানীগঞ্জে উপজেলা ও ইউনিয়ন সড়কের সংখ্যা ৬৯টি। এর মধ্যে ২৮টি সড়কের অবস্থাই কম-বেশি খারাপ। বাকিগুলো ভালো। বসুরহাট-হাজিরহাট-কদমতলা সড়কের খারাপ অংশটি সংস্কারসহ আরও কয়েকটি সড়ক সংস্কারের কাজ কিছুদিনের মধ্যেই শুরু হবে।উপজেলা প্রকৌশলী মো. ইব্রাহিম খলিল বলেন, প্রতিবছর উপজেলা পর্যায়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সড়কগুলো সংস্কারে যে পরিমাণ অর্থের প্রয়োজন তার সামান্যই পাওয়া যায়। যার দরুন সব সময়ই কিছু সড়ক সংস্কারের বাইরে থাকে।