কোম্পানীগঞ্জে ঘন ঘন ডাকাতি, মামলা কম!
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ঘন ঘন ডাকাতিতে মানুষজন অতিষ্ঠ হয়ে উঠলেও থানায় এ-সংক্রান্ত মামলা লিপিবদ্ধের চিত্র সম্পূর্ণ উল্টো। গত জানুয়ারি থেকে গতকাল রোববার পর্যন্ত থানায় ডাকাতির মামলা হয়েছে মাত্র নয়টি। ঘটনার তুলনায় মামলা লিপিবদ্ধের এই তথ্য দুই সপ্তাহ আগে জনতার হাতে ডাকাত পিটিয়ে মারার ঘটনাটিকেও প্রশ্নবিদ্ধ করেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাজনৈতিক কিংবা প্রভাবশালী কারও চাপ না থাকলে থানার পুলিশ কোনো ডাকাতির মামলাই লিপিবদ্ধ করতে চান না। ডাকাতির মামলা হলে নাকি ওপরের চাপ বেড়ে যায়। অবশ্য অভিযোগ অস্বীকার করে পুলিশ বলেছে, ‘যাঁদের বাড়িতে ডাকাতি হয়। তারাই বেশির ভাগ ক্ষেত্রে ডাকাতির মামলা করতে রাজি হন না। দু-একটি ঘটনায় যে মামলা হয় তাতেও পুলিশকে অনেক বুঝিয়ে রাজি করাতে হয়।’কোম্পানীগঞ্জের বিভিন্ন এলাকার জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২৭ জুলাই ভোরে গণপিটুনিতে ডাকাত সন্দেহে পাঁচজন নিহত হওয়ার ঘটনার পর থেকে গত প্রায় দুই সপ্তাহে কোথায়ও কোনো ডাকাতির ঘটনা শোনা যায়নি। কিন্তু তার আগে প্রায় প্রতিদিনই উপজেলার বিভিন্ন ইউনিয়নের কোনো না কোনো বাড়িতে ডাকাতির ঘটনার খবর পাওয়া যেত। কিন্তু স্থানীয় থানায় ডাকাতির মামলা করতে গেলে বেশির ভাগ ক্ষেত্রে ঘটনার শিকার পরিবারগুলোকে নানাভাবে মামলা না করার জন্য নিরুৎসাহিত করা হয়। খোঁজ নিয়ে জানা যায়, গত জানুয়ারি থেকে চলতি আগস্ট মাস পর্যন্ত প্রায় আট মাসে কোম্পানীগঞ্জ থানায় ডাকাতি, চুরির ঘটনায় মাত্র ১২টি মামলা লিপিবদ্ধ হয়েছে। এর মধ্যে ডাকাতির মামলা নয়টি। নয়টি ডাকাতির মামলার মধ্যে জানুয়ারি মাসে দুটি, ফেব্রুয়ারিতে একটি, মে-তে একটি, জুনে দুটি এবং জুলাইয়ে তিনটি মামলা লিপিবদ্ধ হয়েছে। বাকিগুলো হয়েছে চুরির মামলা।ঘন ঘন ডাকাতির ঘটনা ঘটলেও থানায় মামলা হয় না কেন? এমন প্রশ্নের জবাবে চর কাঁকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু নাছের গতকাল রোববার প্রথম আলোকে বলেন, ডাকাতি হলেও পুলিশি ঝামেলার কারণেই অনেকেই মামলা করতে রাজি হন না। আবার পুলিশের ওপর আস্থা না থাকার কারণেও অনেক মামলা করতে চান না।স্থানীয় বাসিন্দা প্রবাসী আবু নাছের বলেন, ডাকাতির মামলা দিতে চাইলে পুলিশ নানা রকমের তালবাহানা শুরু করে। বলে, কারা ডাকাতি করেছে, নাম দেন। কাউকে চিনেছেন কি না? আবার ডাকাতির ঘটনা হলেও পুলিশ বলে, এই ঘটনায় ডাকাতির মামলা হয় না। করলে চুরির মামলা করেন ইত্যাদি। এসব শুনে অনেকেই মামলার আগ্রহ হারিয়ে ফেলেন।চর ফকিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, মামলা করলে উল্টো অনেক সময় বাদীকেই হয়রানির শিকার হতে শোনা যায়। ডাকাতির মামলা করতে গেলে থানার পুলিশ বরাবরই অসহযোগিতা করে। মানুষ হয়রানির ভয়েই মামলা করে না।একই ইউনিয়নের বিএনপির সভাপতি আবদুল খালেক জানান, ‘গত ২৭ জুন দিবাগত রাতে তাঁর বাড়িসহ আশপাশের তিনটি বাড়িতে পৃথক ডাকাতির ঘটনা ঘটে। তাঁর বাড়ি থেকেই একটি মোটরসাইকেলসহ প্রায় পাঁচ-ছয় লাখ টাকার মালামাল নিয়ে যায় ডাকাতেরা। এই ঘটনায় আমি নিজে মামলা করতে চেয়েছি। কিন্তু তিনটি ঘটনাকে এক করে মো. মানিক মেম্বারকে বাদী করে একটি ডাকাতির মামলা নেয় পুলিশ।’ডাকাতির ঘটনায় মামলা লিপিবদ্ধ কম কেন? প্রশ্নের জবাবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো. হুমায়ুন কবির প্রথম আলোকে বলেন, ‘মামলা লিপিবদ্ধ সাধারণত ওসির দায়িত্বে যিনি থাকেন তিনিই করেন। আমি তদন্তের বিষয়টি দেখতাম। তবে, থানার পুলিশের পক্ষ থেকে ডাকাতির মামলা দায়েরে লোকজনকে নিরুৎসাহিত করার অভিযোগ ঠিক নয়। অনেকেই মামলা করতে চান না। আমরা অনুরোধ করে রাজি করাই মামলা করতে।’