কোম্পানীগঞ্জে চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়ি ভাঙচুর
নোয়াখালীর কোম্পানীগঞ্জের পোলট্রি ব্যবসায়ী হাজি আবুল কালামের কাছে দাবি করা চাঁদা না পেয়ে বসুরহাট পৌর এলাকায় তাঁর নির্মাণাধীন বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার গভীর রাতে এ হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা বাসার দরজা ও জানালার কাচসহ নির্মাণাধীন দেয়ালের বেশ ক্ষতিসাধন করে। খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানার পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গেলেও সন্ত্রাসীদের কাউকে আটক করতে পারেনি।পোলট্রি ব্যবসায়ী হাজি আবুল কালাম জানান, বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে হঠাৎ একদল দুর্বৃত্ত তাঁর বসুরহাট পৌর সভার ৫ নম্বর ওয়ার্ডে নির্মাণাধীন বাসা ‘এ কে ভবন’ লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। পাশাপাশি তারা ভবনের নিচতলায় নির্মাণাধীন দেয়াল ভাঙচুর করে। ইটপাটকেলের আঘাতে বাসার কয়েকটি জানালার কাচ ভেঙে যায় এবং দরজার ক্ষতি হয়। আবুল কালাম আরও জানান, উপজেলার চর এলাহীতে এ কে পোলট্রি নামে তাঁর একটি মুরগির হ্যাচারি রয়েছে। চার-পাঁচ দিন আগে বসুরহাট পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের রুবেল, রাসেলসহ কয়েকজন তাঁর কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। তিনি ওই সময় চাঁদা দিতে অস্বীকৃতি জানান। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির হামলা ও ভাঙচুরের ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি গতকাল শুক্রবার দুপুরে প্রথম আলোকে বলেন, খবর পেয়ে তিনি রাতেই ঘটনাস্থলে যান, কিন্তু হামলাকারীদের কাউকে পাওয়া যায়নি। তবে ভাঙচুরের আলামত পাওয়া গেছে।পরিদর্শক হুমায়ুন কবির আরও বলেন, বাড়ির মালিক আবুল কালাম অভিযোগ করেছেন, এলাকার কয়েক যুবক দাবি করা চাঁদা না পেয়ে ওই হামলা চালিয়েছে। তবে ঘটনার বিষয়ে গতকাল পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।