কোম্পানীগঞ্জে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নে চোর সন্দেহে সাইফুল ইসলাম (২৩) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। গত বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। নিহত সাইফুল বসুরহাট পৌর এলাকার হুদা মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত তিনটার দিকে সিরাজপুর ইউনিয়নের ছোট রাজাপুর গ্রামের হাজি আবদুল হাইয়ের ঘরে সিঁদ কেটে চুরি করার সময় পরিবারের সদস্যরা টের পেয়ে এক চোরকে ধরে ফেলে চিৎকার দেয়। এ সময় আশপাশের লোকজন এসে ওই চোরকে (সাইফুল ইসলাম) গণপিটুনি দিয়ে থানায় খবর দেয়। থানা-পুলিশ খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে সাইফুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।জানতে চাইলে গণপিটুনির ঘটনায় চোরের মৃত্যুর কথা নিশ্চিত করেন কোম্পনানীগঞ্জ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো. হুমায়ুন কবির। গতকাল শুক্রবার তিনি প্রথম আলোকে বলেন, খবর পেয়েই তাঁরা আহত সাইফুলকে উদ্ধার করে হাসপতালে নেওয়ার পরই তাঁর মৃত্যু হয়। পরে লাশ ময়নাতদন্তের জন্য গতকাল নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।