কোম্পানীগঞ্জে ছুরিকাঘাতে যুবক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের কোম্পানীগঞ্জে নিজ ঘরের উঠানে ছুরিকাঘাতে খুন হয়েছেন ইসমাইল আলী (৩০) নামে এক যুবক। তিনি কোম্পানীগঞ্জ সদর গ্রামের আক্রম আলীর ছেলে। পারিবারিক কলহে ইসমাইলের সঙ্গে তাঁর বড় ভাইয়ের বিরোধ থাকায় এর জের ধরে খুনের ঘটনা ঘটেছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ইসমাইল আলীর সঙ্গে সম্পত্তি নিয়ে তাঁর বড় ভাই লিয়াকত আলীর বিরোধ রয়েছে। এর জের ধরে গতকাল বেলা পৌনে দুইটায় লিয়াকত আলী ও তাঁর শ্যালক হাসিম চাকু দিয়ে ইসমাইলের পেটে আঘাত করে পালিয়ে যান। ইসমাইল মাটিতে লুটিয়ে পড়েন। তাঁকে রক্তাক্ত দেখে পরিবারের সদস্যসহ প্রতিবেশীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে ইসমাইল মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করেছে। কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) নন্দন কান্তি ধর পারিবারিক বিরোধের জের ধরে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে বলে জানান। তিনি বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। ওসি জানান, এ ঘটনায় তাঁর বড় ভাই লিয়াকত আলীর জড়িত থাকার বিষয়ে পুলিশ অবহিত হয়েছে। লিয়াকত ঘটনার পর থেকে পলাতক। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।