কোম্পানীগঞ্জে জলদস্যুদের হামলা, তিনটি ট্রলার লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর ফকিরা ইউনিয়নের চর দিয়ারা বালুয়া গুচ্ছগ্রামে গতকাল বৃহস্পতিবার জলদস্যুদের হামলায় পাঁচজন আহত হয়েছেন। এ সময় জলদস্যুরা মাছ ধরার তিনটি ট্রলারও লুট করে।স্থানীয় বাসিন্দা ও পুলিশের ভাষ্যমতে, সকাল সাড়ে আটটার দিকে ১৫-২০ জনের জলদস্যুর একটি দল ছোট ফেনীর (বামনী নদী) তীরবর্তী গুচ্ছগ্রামটিতে হামলা চালায়। তারা এ সময় নদীর ঘাটে অবস্থানকারী জেলেদের এলোপাতাড়ি মারধর করে তাঁদের কাছে থাকা টাকাপয়সা ও মালামাল লুট করে। যাওয়ার সময় ঘাট থেকে মাছ ধরার তিনটি ট্রলারও নিয়ে যায়। হামলায় অন্তত পাঁচ জেলে আহত হন।পুলিশ জানায়, হামলার খবর পেয়ে স্থানীয় ক্যাম্পের আনসার সদস্যরা এগিয়ে আসার চেষ্টা করলে দস্যুরা ফাঁকা গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায়।কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লুট হওয়া ট্রলারগুলো উদ্ধারের চেষ্টা চলছে। তবে এ ঘটনায় কোনো মামলা হয়নি।