কোম্পানীগঞ্জে ট্রাকের চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় গতকাল বৃহস্পতিবার ট্রাকচাপায় আটোরিকশার দুই যাত্রী নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হচ্ছেন উপজেলার ধলেরগাঁও গ্রামের ছালাই মিয়া (৩৫) ও নোয়াগাঁওয়ের ছিদ্দিক আহমদ (৪০)। পুলিশ জানায়, সিলেট থেকে ভোলাগঞ্জগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ছিদ্দিক আহমদ নিহত হন। হাসপাতালে নেওয়ার পর ছালাই মিয়া মারা যান। কোম্পানীগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম সরকার জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে।