কোম্পানীগঞ্জে ডাকাত সন্দেহে গণপিটুনিতে দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুরের থানারহাটে গতকাল শুক্রবার রাত নয়টার দিকে ডাকাত সন্দেহে জনতার পিটুনিতে দুই ব্যক্তি ঘটনাস্থলে নিহত হয়েছে। এ সময় উত্তেজিত জনতা ডাকাতদের ব্যবহূত একটি মাইক্রোবাসও ভাঙচুর করে। নিহত ব্যক্তিরা হলেন: জসিম উদ্দিন ওরফে ফোলা জসিম (৪০) ও আলাউদ্দিন (৩৫)। এর মধ্যে জসিমের বাড়ি মুছাপুর ইউনিয়নের চরদিয়ারাবালুয়া গুচ্ছগ্রামে এবং আলাউদ্দিনের বাড়ি ফেনী জেলায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে আটটার দিকে একটি মাইক্রোবাসে করে একদল ডাকাত চরদিয়ারাবালুয়া এলাকা থেকে থানার হাটের দিকে আসছে বলে ওই এলাকা থেকে খবর আসে। পরে বাজারের লোকজন সড়কে ব্যারিকেড দিয়ে রাত নয়টার দিকে ওই মাইক্রোবাসটি আটক করে। এ সময় স্থানীয় লোকজনের জিজ্ঞাসাবাদে মাইক্রোবাসচালক জানান, তাঁর গাড়ির ভেতর অবস্থানকারী দুই ব্যক্তি ডাকাত। তাঁরা ডাকাতির জন্য জোর করে তাঁর মাইক্রোবাস নিয়ে এসেছেন। এই কথা শোনার সঙ্গে সঙ্গে উত্তেজিত জনতা মাইক্রোবাসটি ভাঙচুর করে ভেতর থেকে জসিম ও আলাউদ্দিনকে বের করে বেধড়ক পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মঞ্জুরুল হক গণপিটুনিতে দুজনের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। রাত ১০টায় তিনি ঘটনাস্থল থেকে প্রথম আলোকে জানান, নিহত দুজনের মধ্যে জসিমের বিরুদ্ধে থানায় ডাকাতির মামলা রয়েছে। জসিম কোম্পানীগঞ্জ উপকূলের সন্ত্রাসী ও র্যাবের ‘ক্রসফায়ারে’ নিহত কামরুল হাসান টিপু বাহিনীর সদস্য ছিলেন বলেও তাঁদের কাছে তথ্য রয়েছে। ওসি জানান, লাশ উদ্ধারের প্রক্রিয়া চলছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।