কোম্পানীগঞ্জে ডায়রিয়া ও নিউমোনিয়ার প্রকোপ
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডায়রিয়া ও নিউমোনিয়ার প্রকোপ দেখা দিয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যা না পেয়ে অনেক রোগীর ঠাঁই হয়েছে মেঝেতে। ৩১ শয্যার হাসপাতালে গতকাল ৭২ জন রোগী ভর্তি ছিলেন। এর মধ্যে ২৪ জন ডায়রিয়া ও ২৬ জন নিউমোনিয়ার রোগী। আক্রান্তদের অধিকাংশই শিশু। কিন্তু রোগীদের হাসপাতাল থেকে বিনা মূল্যে কোনো ওষুধ সরবরাহ করা হচ্ছে না বলে অভিযোগ করেছেন রোগীদের স্বজনেরা।গত শুক্রবার সকালে হাসপাতালে গিয়ে দেখা গেছে, পুরুষ ও মহিলা ওয়ার্ডে কোনো শয্যা খালি নেই। রোগীদের থাকার জন্য মেঝেতে বিছানা পেতে দেওয়া হয়েছে। হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় দুই মাস ধরে কোম্পানীগঞ্জের চরহাজারী, মুছাপুর, বামনী, রামপুর, সিরাজপুরসহ বিভিন্ন এলাকায় ডায়রিয়া ও নিউমোনিয়ার প্রকোপ চলছে। যা এক সপ্তাহে প্রকট আকার ধারণ করেছে। বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন গড়ে ৮-১০ জন করে ডায়রিয়া ও নিউমোনিয়ার রোগী ভর্তি হচ্ছে।হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) মাহফুজুল হক জানান, প্রচণ্ড গরমের কারণে শিশুরা ডায়রিয়া ও নিউমোনিয়ায় বেশি আক্রান্ত হচ্ছে। হাসপাতালে কলেরা স্যালাইন, খাওয়ার স্যালাইন এবং কিছু ট্যাবলেট ছাড়া রোগীদের প্রয়োজনীয় কোনো ওষুধের সরবরাহ নেই। তাই কিছু ওষুধ রোগীদের বাইরে থেকে কিনতে হচ্ছে।