কোম্পানীগঞ্জে তরুণের লাশ উদ্ধার
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার রাজনগর হাওর থেকে এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার তাঁর লাশ উদ্ধার করা হয়।
ওই তরুণের নাম দুলাল খাঁ (১৮)। তাঁর বাড়ি কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ রাজনগর গ্রামে। তিনি আকিজ বিড়ি কোম্পানির স্থানীয় বিক্রয়কর্মী ছিলেন।
কোম্পানীগঞ্জ থানার এক উপপরিদর্শক জানান, গত সোমবার রাত সাড়ে আটটার দিকে দক্ষিণ রাজনগর গ্রামের সিদ্দিক খাঁর ছেলে দুলাল বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। গতকাল দুপুরে হাওরে এক তরুণের লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে তাঁর পরিবারের লোকজন ও এলাকাবাসী তাঁর লাশ শনাক্ত করে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) রুহুল আমিন প্রথম আলোকে বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। তবে কী কারণে তাঁর মৃত্যু হয়েছে তা জানার জন্য পুলিশ অনুসন্ধান চালাচ্ছে।