কোম্পানীগঞ্জে তালা ভেঙে প্রতিমা নিয়ে গেছে দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বড় রাজাপুর গ্রামে গত শনিবার দিবাগত রাতে শ্রীশ্রীরাধা বিনোদ জিউর মন্দিরের দরজার তালা ভেঙে কয়েকটি বিগ্রহ (প্রতিমা) নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ সময় মন্দিরের ভেতরের জিনিসপত্র তছনছ করা হয়। সিলেটের বিয়ানীবাজার পৌর এলাকার দাসগ্রামে একই রাতে কে বা কারা রামকৃষ্ণ মন্দিরের দেব প্রতিমা ভেঙে ফেলেছে। কোম্পানীগঞ্জের মন্দিরটি স্থানী লোকনাথ ভৌমিকের বাড়ির সামনে অবস্থিত। ওই বাড়ির কয়েকজন বাসিন্দা জানান, ভোরের দিকে তাঁরা ঘুম থেকে উঠে দেখেন মন্দিরের দরজার তালা ভাঙা। ভেতরে সবকিছু এলোমেলো অবস্থায় পড়ে আছে। সেখানে রক্ষিত ছয়টি বিগ্রহের একটিও নেই। লোকনাথ ভৌমিকের ছোট ভাই হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য অরবিন্দ ভৌমিক অভিযোগ করেন, দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের বাড়ি ও মন্দিরে হামলার ধারাবাহিকতায় এ ঘটনা ঘটানো হয়েছে। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান বলেন, মন্দিরের দরজার কড়াটি অনেক পুরোনো ছিল। সেটি ভেঙে ভেতরে ঢুকে কয়েকটি পিতলের মূর্তি নিয়ে গেছে চোরেরা। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। এদিকে বিয়ানীবাজারের দাসগ্রামের রামকৃষ্ণ মন্দিরের সেবায়েত সুদীপ চক্রবর্তী জানান, রাতে ঘুমাতে যাওয়ার আগে প্রতিদিনের মতো গত শনিবার রাত ১২টার দিকে তিনি মন্দিরের চারপাশ ঘুরে দেখতে যান। এ সময় দেখেন, মন্দিরের বাইরে স্থাপিত দেব প্রতিমাটি কে বা কারা ভেঙে ফেলেছে। খবর পেয়ে গতকাল সকালে স্থানীয় উপজেলা পরিষদের চেয়ারম্যান রুমা চক্রবর্তী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহীদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। বিয়ানীবাজার থানার ওসি ফজলুল হক জানান, বিষয়টি দেশব্যাপী নাশকতার অংশ কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।মন্দির ভাঙচুরের মামলায় একজন গ্রেপ্তার: সিরাজগঞ্জ থেকে নিজস্ব প্রতিবেদক জানান, জেলার এনায়েতপুরে মন্দির ভাঙচুরের মামলায় হোসেন আলী নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার ভোরে স্থানীয় গোপরেখী পশ্চিম পাড়া গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, হোসেন আলী শিবিরের কর্মী।