কোম্পানীগঞ্জে পাথর শ্রমিক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ পাথর কোয়ারির শ্রমিক সালেহ আহমদ (২৫) খুন হয়েছেন। তাঁর বাড়ি কোম্পানীগঞ্জ উপজেলার পাড়ুয়া-লামাপাড়া গ্রামে। গতকাল রোববার ধলাই নদী তীরের ভোলাগঞ্জ পাথর কোয়ারির ১০ নম্বর কূপ এলাকা থেকে তাঁর রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। ভোলাগঞ্জে পাথর উত্তোলন ও আমদানি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের জের ধরে সালেহ খুন হয়েছেন বলে পুলিশ ধারণা করছে। স্থানীয় ব্যক্তিরা জানান, ভোলাগঞ্জ কোয়ারিতে ঋণপত্রের (এলসি) মাধ্যমে পাথর আমদানি নিয়ে দুই পক্ষের মধ্যে গত শুক্রবার থেকে বিরোধ চলে আসছে। এক পক্ষে রয়েছেন আমদানিকারক শাহ আলম এবং অন্য পক্ষে পাথর ব্যবসায়ী শামীম আহমদ। পাথর আমদানি না করে উত্তোলনের সুযোগ দেওয়ার দাবিতে গত শনিবার ধর্মঘট পালন করে দুটি শ্রমিক সংগঠন। গতকাল সালেহ আহমদের লাশ উদ্ধার করার পর তাঁর মৃত্যু নিয়ে দুই পক্ষ একে-অপরকে দোষারোপ করছে। শামীম আহমদ নিহত শ্রমিককে তাঁর পক্ষের লোক দাবি করে বলেন, আমদানিকারকের লোকজন সালেহকে মারধর করে নদীতে ভাসিয়ে দিয়েছে। অন্যদিকে শাহ আলম বলেন, কোয়ারিতে শক্তি প্রদর্শনের সময় সালেহ আহমদ নৌকাডুবিতে নিখোঁজ।কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের প্রথম আলোকে বলেন, সালেহ আহমদের শরীরের বিভিন্ন জায়গায় জখমের চিহ্ন ছিল।