কোম্পানীগঞ্জে পুলিশের সঙ্গে ওলামা পরিষদের সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় গতকাল শনিবার নারী উন্নয়ন নীতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করার চেষ্টাকালে পুলিশের সঙ্গে ওলামা পরিষদের নেতা-কর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় পুলিশের সাতজন সদস্যসহ অন্তত ২৭ জন আহত হন। পরে পুলিশ তাঁদের লাঠিপেটা করে এবং শটগানের ১৫টি গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলায়েত হোসেনসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল পাঁচটার দিকে ওলামা পরিষদের ব্যানারে মন্ত্রিসভায় অনুমোদিত নারী উন্নয়ন নীতি বাতিলের দাবিতে বসুরহাট বাজারের পশ্চিম পাশে উপজেলা জামে মসজিদের সামনে থেকে কয়েক শ লোক লাঠিসোঁটা নিয়ে একটি মিছিল বের করার চেষ্টা করেন। পুলিশ মিছিলকারীদের বাধা দিলে তাঁরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।প্রায় আধা ঘণ্টা ধরে চলা সংঘর্ষে কোম্পানীগঞ্জ থানার দুই উপপরিদর্শক (এসআই) আকরাম হোসেন ও মোশারফ হোসেন, দুই সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল মান্নান ও মো. মমিন এবং তিনজন সদস্য নায়েক মো. সোহাগ, কনস্টেবল সালেহ আহম্মদ ও কৃষ্ণ চাকমা আহত হন। পুলিশের লাঠিপেটা ও শর্টগানের গুলিতে ওলামা পরিষদের অন্তত ২০ জন আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে ১৩ জনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন: মাহাদী (১৮), বুলবুল (২২), জুবায়ের (২৫), শাহীন (২২), হেদায়েত উল্লা (২১), নূর উদ্দিন (১৮), নিজাম উদ্দিন (২৪), সাইফুল ইসলাম (২২), আবদুর রব (৫০), বেলায়েত হোসেন (৩৮), জহুরুল ইসলাম (৩৮), মহিউদ্দিন (৩৫) ও বেলায়েত (৩২)। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক প্রথম আলোর কাছে দাবি করেন, ‘ওলামা পরিষদের ব্যানারে বিনা অনুমতিতে মিছিল-সমাবেশ করতে চাইলে আমরা তাদের নিষেধ করি। এর পরও তারা মিছিল বের করায় আমরা বাধা দিই। এ সময় মিছিলকারীরা বিনা উসকানিতে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শর্টগান থেকে ১৫টি গুলি ছোড়া হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’