কোম্পানীগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলেসহ নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় বজ্রপাতে বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে। গত শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে বজ্রপাতে ঘরে ঘুমন্ত অবস্থায় তেলিখাল ইউনিয়নের দলইরগাঁও গ্রামের ফজল উদ্দিন (৪২) ও তাঁর স্কুলপড়ুয়া ছেলে নুর উদ্দিনের (১১) মৃত্যু হয়। একই সময় হাওরে মাছ ধরার সময় উত্তর রণিখাই ইউপির বেতামোড়া গ্রামের দয়াময় বিশ্বাস (৪৫) নামের একজন কৃষক মারা গেছেন।
দলইরগাঁওয়ের কয়েকজন গ্রামবাসী জানান, গত শুক্রবার রাত প্রায় দেড়টা থেকে ঝোড়ো হাওয়া শুরু হয়। এ সময় থেমে থেমে বজ্রপাত হচ্ছিল। রাত পৌনে দুইটা থেকে আধা ঘণ্টায় বজ্রপাতের চারটি বিকট শব্দ শোনা যায়। এই বজ্রপাতে নূরউদ্দিন ও তাঁর ছেলে নিহত হয়। পরিবারের বরাত দিয়ে গ্রামবাসী জানান, নিহত বাবা ও ছেলে দুজনই ঘরের একটি কক্ষে জড়াজড়ি করে ঘুমিয়েছিলেন। এ অবস্থায় দুজনকে রাতেই মৃত অবস্থায় উদ্ধার করা হয়। নূরউদ্দিন দলইরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে পড়ত।
এদিকে পাহাড়ি ঢলে হাওর এলাকায় পানি আসায় বজ্রপাতের মধ্যে মাছ শিকার করতে গ্রামের পাশে হাওরে গিয়েছিলেন দয়াময় বিশ্বাস। রাতে আর বাড়ি না ফেরায় পরদিন সকালে হাওরপাড়ে বজ্রপাতে ঝলসে যাওয়া লাশ দেখে পুলিশে খবর দেওয়া হয়।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল লাইছ জানান, পুলিশের মাধ্যমে তিনজন নিহত হওয়ার বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।