কোম্পানীগঞ্জে বিদ্যালয়ে ক্লাস চলাকালে সাত শিক্ষার্থী অসুস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট এএইচসি সরকারি উচ্চবিদ্যালয়ের সাতজন শিক্ষার্থী গতকাল বৃহস্পতিবার ক্লাস চলাকালে ম্যাস হিস্টিরিয়া আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়ে। বিদ্যালয় কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ ঘটনার পর সব কয়টি শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে কর্তৃপক্ষ বিদ্যালয়ে ছুটি ঘোষণা করে। গতকাল দুপুরের পর অসুস্থ শিক্ষার্থীরা কিছুটা সুস্থ হয়ে উঠলে হাসপাতাল থেকে অভিভাবকদের মাধ্যমে তাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।
বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বেলা সোয়া ১১টার দিকে ক্লাস চলাকালে দশম শ্রেণীর ছাত্রী সুবর্ণা আক্তার হঠাৎ মাথাঘুরে পড়ে জ্ঞান হারিয়ে ফেলে। এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে আরও পাঁচ ছাত্রী এবং পরে একজন ছাত্র একইভাবে অসুস্থ হয়ে পড়ে।
অসুস্থ শিক্ষার্থীরা হলো আঁখি আক্তার, রুবায়েত কাশেম, রিয়া আক্তার, ফারহানা বেগম, রাবেয়া আক্তার, সুবর্ণা আক্তার ও বিশ্বজিৎ মজুমদার। তাৎক্ষণিক বিদ্যালয় কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে এবং অসুস্থ শিক্ষার্থীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) অজয় মজুমদার বলেন, এটি সাইকোলজিক্যাল ইলনেস বা ম্যাস হিস্টিরিয়া। একজনের দেখাদেখি অন্যজনেরও এটা হতে পারে। জটিল কোনো সমস্যা নয়।
শ্রেণীশিক্ষক সাহাব উদ্দিন বলেন, ‘বিদ্যালয়ে চাকরিকালীন এ ঘটনা আমি কখনো দেখি নাই। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ায় ছুটি দেওয়া হয়েছে।’