কোম্পানীগঞ্জে যুক্তরাষ্ট্রপ্রবাসীর বাড়িতে ডাকাতি
নোয়াখালীর কোম্পানীগঞ্জে গত মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রপ্রবাসী দুই ভাইয়ের বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা প্রায় ৩৫ লাখ টাকার মালামাল লুটে নিয়েছে বলে দাবি করা হচ্ছে। ডাকাতদের মারধরে পরিবারের পাঁচ সদস্য আহত হয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রের বিবরণ অনুযায়ী, উপজেলার চরহাজারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর আলমের যুক্তরাষ্ট্রপ্রবাসী দুই ভাই সাহাব উদ্দিন ও মো. শাহজাহান চার দিন আগে দেশে ফেরেন। ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে অবস্থিত তাঁদের বাড়িতে মঙ্গলবার রাত আড়াইটার দিকে ১৫-১৬ জনের একদল সশস্ত্র ডাকাত হানা দেয়। ডাকাতেরা গ্রিল কেটে ঘরের ভেতর ঢুকে পরিবারের সবাইকে মারধর ও অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাট চালায়।নুর আলম জানান, ডাকাতেরা আসবাব ও বিদেশ থেকে আনা লাগেজ তছনছ করে নগদ ১০ হাজার ৭০০ ডলার, ৪০ ভরি স্বর্ণালংকার, সাতটি মুঠোফোন সেটসহ মূল্যবান সামগ্রী লুট করে, যার আনুমানিক মূল্য ৩৫ লাখ টাকা। ডাকাতদের মারধরে তাঁর প্রবাসী দুই ভাইসহ পাঁচজন আহত হন। তাঁদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।কোম্পানীগঞ্জ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির ডাকাতির ঘটনা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে যায়। গতকাল বুধবার সকালে সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার আ ফ ম নিজাম উদ্দিনও ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।