কোম্পানীগঞ্জে যুবলীগ নেতা হত্যা মামলায় আ.লীগ নেতা জেলে
সিলেটের কোম্পানীগঞ্জে যুবলীগের নেতা আবদুল আলী হত্যা মামলার আসামি ইউনিয়ন আওয়ামী লীগের স্থানীয় নেতা শামীম আহমদকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল রোববার সিলেটের বিচারিক হাকিম (তৃতীয়) আদালতে আত্মসমর্পণ করলে শামীমকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক ইছরাত জাহান।
আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (অতিরিক্ত পিপি) শামসুল ইসলাম বলেন, শামীমের পক্ষের আইনজীবীরা তাঁর জামিন
প্রার্থনা করলে জামিন নামঞ্জুর হয়। আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে তাঁকে কারাগারে পাঠানো হয়।
শামীম আহমদ কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ পাথর কোয়ারির একজন প্রভাবশালী পাথর ব্যবসায়ী হিসেবে পরিচিতি। শামীম কোম্পানীগঞ্জের পশ্চিম ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তাঁর বাবা আবদুল বাছির কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ২৪ অক্টোবর কোম্পানীগঞ্জের কাটাগাঙ এলাকায় উপজেলা যুবলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য পাথর ব্যবসায়ী আবদুল আলীকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় আবদুল আলীর স্ত্রী হালিমা বেগম বাদী হয়ে ২৯ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।
ভোলাগঞ্জ পাথর কোয়ারিতে পাথর ব্যবসার কর্তৃত্ব নিয়ে আবদুল আলীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয় বলে মামলার এজাহারে অভিযোগ করা হয়।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তদন্ত করে গত ১৪ ফেব্রুয়ারি শামীমসহ ৩৬ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করলে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।