কোম্পানীগঞ্জে যুবলীগের হুমকিতে ছয় ঘণ্টা বাস চলাচল বন্ধ, দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুবলীগের হুমকির কারণে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটের স্থানীয় বিভিন্ন যাত্রাপথে গতকাল শনিবার ছয় ঘণ্টা বাস চলাচল বন্ধ ছিল। দলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে কর্মী-সমর্থকদের জন্য বাস না দেওয়ায় যুবলীগ নেতারা মালিক সমিতির কার্যালয়ে গিয়ে হুমকি দেন বলে অভিযোগ পাওয়া গেছে।স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার দলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে কর্মী-সমর্থকদের যাতায়াতের সুবিধার্থে যুবলীগের কর্মীরা বসুরহাট বাস-মিনিবাস মালিক সমিতিকে ১০টি বাস দিতে বলেন। কিন্তু সব বাস যাত্রী পরিবহনে ব্যস্ত থাকায় বাস দেওয়া সম্ভব নয় বলে জানিয়ে দেন মালিক সমিতির নেতারা। এ ঘটনার পর যুবলীগের কর্মীরা সমিতির কার্যালয় থেকে চলে যান। কিন্তু সন্ধ্যায় যুবলীগের আরেক দল কর্মী মালিক সমিতির কার্যালয়ে যান। তাঁরা বাস না দেওয়ার কৈফিয়ত চান এবং মালিক সমিতির নেতাদের গালিগালাজ করেন। এ সময় শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সহিদউল্লা খোকন প্রতিবাদ করলে তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। এ ছাড়া বসুরহাটের রাস্তায় বাস চলাচল বন্ধ রাখার জন্য তাঁরা হুমকি দিয়ে চলে যান। এ ঘটনার পর গতকাল ভোর ছয়টা থেকে বসুরহাটের বিভিন্ন রুটে চলাচলকারী বাস বন্ধ হয়ে যায়। ফলে বসুরহাট থেকে ফেনী, চাপরাশিরহাট, বাংলাবাজার, কবিরহাট ও কালামুন্সীরহাটে চলাচলকারী যাত্রীরা সীমাহীন দুর্ভোগে পড়ে। পরে পৌর মেয়র আবদুল কাদের মির্জা মালিক সমিতিকে আশ্বস্ত করলে প্রায় ছয় ঘণ্টা পর দুপুর ১২টার দিকে বাস চলাচল স্বাভাবিক হয়।শ্রমিক নেতা সহিদউল্লা খোকন প্রথম আলোকে জানান, যুবলীগের কর্মীরা গাড়ি না দেওয়ায় শুক্রবার সন্ধ্যায় মালিক সমিতির কার্যালয়ে এসে তাঁরা গালমন্দ করতে থাকেন। প্রতিবাদ করলে তাঁরা তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।মালিক সমিতির সাধারণ সম্পাদক জহিরুল হক জানান, যুবলীগের কর্মীরা হুমকি দেওয়ায় তাঁরা বাস চলাচল বন্ধ রাখেন।উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান বলেন, কর্মসূচির জন্য মালিক সমিতি বাস দিতে চেয়েও পরে দেয়নি। ফলে লোকজন বিভিন্ন স্থানে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকে। এতে তাঁরা উত্তেজিত হয়েছিলেন।পৌর মেয়র আবদুল কাদের মির্জা বলেন, ‘বাস না পেয়ে আমাদের ছেলেরা স্ট্যান্ডে গিয়ে কিছুটা উত্তেজিত হয়েছিলেন। আমি খবর পাওয়ার পর বিষয়টি মিটিয়ে দিয়েছি।’কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির জানান, সকালে মালিক-শ্রমিকেরা তাঁদের কোনো সমস্যার কারণে কিছু সময় বাস বন্ধ রেখেছিলেন। তবে অন্য কেউ বাস চলাচল বন্ধ করে দিয়েছিল কি না, সে বিষয়ে তাঁদের কাছে কোনো অভিযোগ নেই।