কোম্পানীগঞ্জে সংঘর্ষে নিহত ১
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় গতকাল মঙ্গলবার জমি নিয়ে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষে সুজিত বৈদ্য (৩০) নামের এক ব্যক্তি নিহত ও নয়জন আহত হয়েছেন। সুজিত উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের রণিখাই গ্রামের সেতু বৈদ্যের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই গ্রামের কিছু খাস জমির দখল নিয়ে সুবোধ বৈদ্য ও বেতমুড়া গ্রামের জগেশ বিশ্বাসের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গতকাল সকালে ওই জমির দখল নিয়ে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় একপক্ষ অপরপক্ষের ওপর লাঠিসোঁটা ও সুলফি নিয়ে হামলা চালায়। এতে সুলফির আঘাতে ঘটনাস্থলেই সুজিত নিহত হন। এ ছাড়া এতে উভয় পক্ষে আরও নয়জন আহত হন।
প্রথমে আহত ব্যক্তিদের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে গুরুতর আহত অজিত বৈদ্য ও ধরনী বৈদ্যকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মিয়া মো. নাসির উদ্দিন প্রথম আলোকে জানান, সুজিতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।