কোম্পানীগঞ্জে সম্পত্তি সংক্রান্ত বিরোধে যুবক খুন, গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরকাঁকড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে গতকাল সোমবার দুপুরে প্রতিপক্ষের হামলায় সাইদুল ইসলাম ওরফে শাহীন (১৯) নামের এক যুবক খুন হয়েছেন। সম্পত্তিসংক্রান্ত বিরোধের জের ধরে সালিসে সময় ওই হামলার ঘটনা ঘটে।সাইদুল ওই গ্রামের মো. সলিম উল্লার ছেলে। খবর পেয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাইদুলের লাশ উদ্ধার করে এবং ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে সাইফুল ইসলাম (২৪), সিরাজ আলম (৪৫) ও নুর উদ্দিন (২৫) নামের তিনজনকে গ্রেপ্তার করে। লাশ থানায় রাখা হয়েছে। আজ মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, সাইদুলদের সঙ্গে দীর্ঘদিন ধরে একই বাড়ির রুবেল, সমির ও ইরাকের জায়গাজমি নিয়ে বিরোধ চলছিল। গতকাল দুপুর সাড়ে বারটার দিকে তাঁদের বাড়িতে দুই পক্ষকে নিয়ে সালিসি বৈঠক বসে। বৈঠকের একপর্যায়ে দুই পক্ষ প্রথমে তর্কাতর্কি, পরে হাতাহাতি ও মারামারিতে লিপ্ত হয়। এতে দুই পক্ষের অন্তত পাঁচ-ছয়জন আহত হয়। আহত ব্যক্তিদর মধ্যে সাইদুলের ঘাড়ের নিচে প্রতিপক্ষের নিক্ষিপ্ত রড ঢুকে যায়। মারাত্মক আহত অবস্থায় স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে; এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সুধীর রঞ্জন বড়ুয়া বলেন, সম্পত্তিসংক্রান্ত বিরোধ নিয়ে সালিসের সময় প্রতিপক্ষের হামলায় সাইদুল মারা গেছেন। এ ঘটনায় থানায় মামলা দারের প্রস্তুতি চলছে।