কোম্পানীগঞ্জে স্লুইসগেট, ঘর নদীগর্ভে
পানির চাপে নোয়াখালীর কোম্পানীগঞ্জের চর এলাহী ইউনিয়নের ক্লোজারঘাট এলাকায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) একটি স্লুইসগেট বামনী নদীতে বিলীন হয়ে গেছে। গত শনিবার রাতে এ ঘটনা ঘটে। এ সময় গেটসংলগ্ন এলাকার অন্তত ২২টি বসতবাড়ি নদীতে তলিয়ে যায়। একই কারণে ওই ইউনিয়নের বিস্তীর্ণ এলাকার ফসলি জমি ও মাছের ঘের হুমকির মুখে পড়েছে।এলাকাবাসী জানান, গত শনিবার রাত সাড়ে আটটায় বামনী নদীতে প্রবল স্রোত ছিল। এ সময় পানির চাপে ক্লোজারঘাট এলাকার রিং বাঁধের মুখে নির্মিত স্লুইসগেটের দুই পাশের মাটি সরে যায় এবং স্লুইসগেটটি নদীতে গিয়ে পড়ে। এরপর রাতের মধ্যে স্লুইসগেটের কাছের ২২টি পরিবারের বসতবাড়ি নদীতে বিলীন হয়ে যায়। পাউবোর নির্বাহী প্রকৌশলী হাবিবুর রহমান দাবি করেন, স্লুইসগেট নদীতে বিলীন হয়নি। কিছুটা সরে গিয়ে একদিকে কাত হয়ে বসে গেছে। এতে আশপাশের জমি ও বাড়িঘর ভাঙনের কবলে পড়েছে। বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন।