কোম্পানীগঞ্জে সড়কে গণডাকাতি, হামলায় আহত ৫, গ্রেপ্তার ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট-চাপরাশিরহাট সড়কে গত মঙ্গলবার রাতে ব্যারিকেড দিয়ে প্রায় আধঘণ্টা গণডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের হামলায় পুলিশের এক উপপরিদর্শকসহ পাঁচজন আহত হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে ১০-১২ জনের একদল সশস্ত্র ডাকাত ওই সড়কের জামাইরটেকের জলিল ড্রাইভারের বাড়ির সামনের রাস্তায় স্থানীয় একটি মাদ্রাসার বেঞ্চ ফেলে ব্যারিকেড দিয়ে ডাকাতি শুরু করে। এ সময় ডাকাতেরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে চারজনকে আহত করে এবং প্রায় নব্বই হাজার টাকা ও পাঁচটি মোবাইল ফোনসেট লুট করে।রাত তিনটার দিকে কোম্পানীগঞ্জ থানার এসআই মনির উদ্দিনের নেতৃত্বে টহল পুলিশের একটি দল গাড়ি নিয়ে ঘটনাস্থলে যাওয়ার পর ডাকাতেরা পুলিশের গাড়িও ব্যারিকেড দেয়। এ সময় হামলায় এসআই মনির আহত হন। পুলিশ চারটি ফাঁকা গুলি করলে ডাকাতেরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে পুলিশ এলাকাবাসীর সহায়তায় ধাওয়া করে সাত ডাকাতকে আটক করা হয়।কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব গতকাল বুধবার প্রথম আলোকে জানান, আটক সাত ডাকাতকে থানায় জিজ্ঞাসাবাদ এবং তাঁদের সঙ্গীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।