কোম্পানীগঞ্জের ওসিকে প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ, স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা নেওয়ায় সিলেটের কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম সরকারকে প্রত্যাহারের দাবিতে গতকাল শনিবার রাস্তায় শুয়ে বিক্ষোভ করেছে এলাকাবাসী। পরে এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) একটি স্মারকলিপি দেওয়া হয়।স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যবসায়ীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের সঙ্গে ওসিকেও কোম্পানীগঞ্জ থানা থেকে প্রত্যাহারের দাবি জানিয়ে গতকাল সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে উপজেলা পরিষদের সামনে জড়ো হতে থাকে বিক্ষুব্ধ এলাকাবাসী। পরে সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে এলাকাবাসীর পক্ষে বক্তব্য দেন পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আহমদ, বাবুল আহমদ, উত্তর রনিখাইয়ের মোহাম্মদ নাজির, ব্যবসায়ী আলকাছ আলী, আবদুন নূর ও কালা মিয়া।সমাবেশ শেষে বিক্ষোভকারীরা উপজেলা পরিষদের ফটকের সামনের রাস্তায় শুয়ে পড়েন। এ অবস্থায় ইউএনও সাইফুল ইসলাম সেখানে হাজির হয়ে বিক্ষুব্ধদের শান্ত করেন। পরে এলাকাবাসীর পক্ষ থেকে ২৪ ঘণ্টার মধ্যে ওসি আমিনুল ইসলামকে প্রত্যাহারের দাবি জানিয়ে ইউএনওকে একটি স্মারকলিপি দেওয়া হয়।ইউএনও সাইফুল ইসলাম জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।কোম্পানীগঞ্জ থানার ওসি আমিনুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।এলাকাবাসী সূত্র জানায়, গত বুধবার কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ রজ্জুপথ (রোপওয়ে) বাংকার খুঁড়ে পাথর উত্তোলন পরিদর্শনে আসেন রেল মন্ত্রণালয়ের এক যুগ্ম সচিব। এ সময় স্থানীয় কয়েকজন ব্যবসায়ী সচিবকে জানান, সেখানে চাঁদাবাজির সঙ্গে ওসিও জড়িত। এর পরদিন এলাকার সাত ব্যবসায়ীর বিরুদ্ধে উল্টো চাঁদাবাজির মামলা হয়। ব্যবসায়ীরা অভিযোগ করেন, ওসির বিরুদ্ধে অভিযোগ করায় তিনি নিজের লোক দিয়ে এ মামলা করিয়েছেন।