নোয়াখালীর কোম্পানীগঞ্জের চর এলাহী ইউনিয়নের চর উমেদ, চর রমজান ও চর বালুয়ার বর্গাচাষিদের ওপর গত শুক্রবার বিকেলে দস্যু বাহিনী হামলা ও লুটপাট চালিয়েছে। এ সময় জমি চাষের ১১টি ট্রাক্টরসহ (পাওয়ার টিলার) বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায় দস্যুরা। হামলায় বর্গাচাষি, ট্রাক্টরের দুজন চালকসহ কমপক্ষে ১০ জন আহত হন। তাঁরা হলেন: ট্রাক্টরচালক বাবুল মিয়া (২৬), মোহাম্মদ ভুট্টু (২৩), বর্গাচাষি জসিম উদ্দিন (৪০), ছায়েদুল হক (৩৫), নূরনবী (৫০), বশির উল্লা (৪৩), আবদুল খালেক (৫২), দিনেশ (৪৬), পরেশ (৪২) ও মোহাম্মদ হোরন (৩৮)। দুর্গম এলাকা হওয়ায় আহত ব্যক্তিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, কোম্পানীগঞ্জ উপজেলার চর এলাহী ইউনিয়নের ওই তিনটি চরের মালিকানা নিয়ে কয়েক যুগ ধরে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার উড়িরচরের বাসিন্দাদের মধ্যে বিরোধ চলছে। স্থানীয়দের ভাষ্যমতে, শুক্রবার দুপুরে বর্গাচাষিরা আমন ধানের বীজতলা তৈরির জন্য ১৪-১৫টি ট্রাক্টর, জ্বালানি (ডিজেল) ও বীজ ধান নিয়ে সেখানে যান। এ খবর জানতে পেরে বিকেল সাড়ে পাঁচটার দিকে উড়িরচর থেকে ৪০-৫০ জনের দস্যু দল সেখানে উপস্থিত হয়। দস্যুরা বর্গাচাষিদের মারধর করে ১১টি ট্রাক্টর, প্রায় ৯০০ লিটার ডিজেল এবং বীজ ধান লুট করে নিয়ে যায়। চর এলাহীর বাসিন্দা আবদুল খালেক প্রথম আলোকে বলেন, বামনী নদীর ভাঙনের ফলে ওই তিনটি চর নদীর পূর্ব পারে পড়ে যায়। চর তিনটির সীমানা আর সন্দ্বীপের উড়িরচরের সীমানা পাশাপাশি। আবদুল খালেক অভিযোগ করেন, উড়িরচরের ওই দস্যুদের সহযোগিতা করেন সন্দ্বীপের কালাপানিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইফুল ইসলাম। ট্রাক্টর ও অন্যান্য মালামাল লুটকারীরা চেয়ারম্যানের লোক। তবে ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম এসব অভিযোগ অসত্য ও ভিত্তিহীন বলে দাবি করেন। গতকাল শনিবার মুঠোফোনে তিনি প্রথম আলোকে বলেন, ‘উড়িরচরসংলগ্ন ওই তিনটি চর সন্দ্বীপেরই অংশ। এ নিয়ে ১৯৭৪ সাল থেকে নোয়াখালীর কোম্পানীগঞ্জের সঙ্গে সীমানা বিরোধ চলছে। এ বিরোধের শান্তিপূর্ণ সমাধান হোক, এটা আমরাও চাই।’ সাইফুল ইসলাম দাবি করেন, শুক্রবার বিকেলে কারা ওই চরে গেছেন, তা তিনি জানেন না। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান আলী প্রথম আলোকে বলেন, ওই তিন চরে বর্গাচাষিদের ওপর হামলা ও লুটপাটের কথা তিনি শুনেছেন। কিন্তু এ নিয়ে গতকাল বিকেল পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ করেনি।