কোম্পানীগঞ্জের চরে বিপুল অস্ত্র ও গুলি উদ্ধার
নোয়াখালীর কোম্পানীগঞ্জের চর এলাহী ইউনিয়নের উত্তর উড়িরচর এলাকায় দুটি একে-৪৭ এসএমজিসহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। জলদস্যু জাসু বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মো. জাবেদ (২৮) ও সুমন (২৬) নামে দুই দস্যু নিহত হওয়ার পর সেখান থেকে এ অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
আজ শনিবার বিকেলে উদ্ধার করা অস্ত্র ও গুলি নোয়াখালী জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলন করে প্রদর্শন করা হয়। উদ্ধার করা অস্ত্র ও সরঞ্জামের মধ্যে আছে দুটি একে-৪৭ এসএমজি, ১৮টি একনলা বন্দুক, একটি দুইনলা বন্দুক, ২৪৭টি ৭.৬৫ মি.মি. গুলি, ত্রি-নট-ত্রি রাইফেলের ৮৮টি গুলি, ৩৫টি ৫.৫৬ মি.মি. গুলি, ২৯টি পিস্তলের গুলি, একটি পিস্তলের ম্যাগাজিন, ছয়টি খালি খোসা, একটি বুলেটপ্রুফ জ্যাকেট এবং পাঁচটি মোবাইল সেট।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে র্যাব-১১-এর মেজর সাহেদ হাসান রাজিব বলেন, ৩ এপ্রিল ভোরে বন্দুকযুদ্ধে জলদস্যু শাহদাত হোসেন ওরফে জাসু বাহিনীর প্রধান জাসু (৩৮) নিহত হন। এরপর স্থানীয় ভূমিহীন আবাসন পল্লির একটি পরিত্যক্ত ঘরে শাহদাত বাহিনীর অস্ত্র তৈরির কারখানা আবিষ্কৃত হয়। এরপর তাঁরা বাহিনীর বাকি সদস্যদের পাকড়াও করেন। তাঁদের কাছ থেকে অস্ত্র উদ্ধার কার্যক্রম অব্যাহত রাখা হয়। সর্বশেষ আজ ভোরে বন্দুকযুদ্ধের পর বিপুল অস্ত্র ও গুলি উদ্ধারের মধ্য দিয়ে র্যাবের অভিযানের সমাপ্তি ঘটে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, পাঁচ দিনব্যাপী এই অভিযানের নেতৃত্বে ছিলেন র্যাব-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ। তাঁর সঙ্গে ছিলেন মেজর সাহেদ হাসান রাজিব, দুই সহকারী পুলিশ সুপার সৈয়দ মো. ফরহাদ, সোহেল মাহমুদসহ র্যাবের ৪৭ জন সদস্য।